কাঁচা সড়ক, চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তা থেকে মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। কিন্তু এর সাড়ে চার কিলোমিটার অংশই কাচা। মাটির ওই সড়কের আবার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। শুকনো মৌসুমে ওই মাটি গুঁড়া হয়ে বালুতে পরিণত হয়। সৃষ্টি হয় ধূলিকণা। বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে পুরো রাস্তা। তাই সব সময় ওই সড়কে চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের মানুষ। সড়কটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছে তারা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মালখানগর চৌরাস্তা-তেলিপাড়া সড়কের মালোপদিয়া উচ্চবিদ্যালয় পর্যন্ত আধা কিলোমিটার অংশে পিচঢালা সরু পাকা সড়ক রয়েছে। সেখান থেকে তেলিপাড়া পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের পুরোটাই মাটির। সরু মেঠোপথে চলতে না পারায় কোনো প্রাইভেট কার ও টেম্পো দেখা যায়নি। বিভিন্ন অংশে ছিল বড় বড় গর্ত ও বালুর স্তূপ। পথে রিকশা চললেও যাত্রীদের মাঝেমধ্যে রিকশা থেকে নেমে হাঁটতে দেখা গেছে। মালভর্তি ভ্যানগাড়িগুলো চলেছে পেছন থেকে ধাক্কা দিয়ে। মোটরসাইকেল চালাতেও কষ্ট হচ্ছিল। কথা হয় সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের মালোপদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বললেন, ‘কাচা রাস্তার কারণে পথটি পাড়ি দিতে অন্তত এক ঘণ্টা সময় বেশি লাগে। নতুন কেউ এই রাস্তা দিয়ে গেলে আর জীবনেও আসতে চায় না।’ মালোপদিয়া গ্রামের কাজী বাবুল বলেন, ‘সড়কের দুরবস্থার কারণে আমাদের গ্রামসহ আশপাশের গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অনেক কষ্ট করতে হয়।’ ‘এই সড়ক দিয়া রিকশা চালাইতে খুব কষ্ট। যাত্রীরা বেশি ভাড়া দিলে কষ্ট কইরা যাই। নাইলে অন্য রুটে খ্যাপ নেই।’ বলছিলেন রিকশাচালক আবদুল হাই। এলাকাবাসীর অনেকে জানান, সিরাজদিখানের মালখানগর, মধ্যপাড়া ও ইছাপুরা ইউনিয়নের উত্তর মালোপদিয়া, দক্ষিণ মালোপদিয়া, নাইশিং, মধ্যপাড়া, তেলিপাড়া, করারবাগ ও পূর্ব কাকালদি; টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবোচনী এবং লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের হাড়িদিয়া ও কাউয়াহার গ্রামের লোকজন এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। গুরুত্বপূর্ণ সড়কটি আজও অবহেলিত হয়ে আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শাহজাহান গাজী প্রথম আলোকে বলেন, ‘মালোপদিয়া উচ্চবিদ্যালয় থেকে পরবর্তী এক কিলোমিটার পর্যন্ত প্রায় ৭৯ লাখ ২৮ হাজার ২১৮ টাকার একটি প্রকল্প প্রস্তাব করে অনুমোদনের জন্য গত ২০ জানুয়ারি পাঠানো হয়েছে।’বাকি সাড়ে তিন কিলোমিটার কাচা সড়কের কী হবে, জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘আমাদের প্রধান প্রকৌশলী সড়কটির বাকি অংশের ব্যাপারেও প্রকল্প পাঠানোর নির্দেশ দিলে পাঠাব। এর বাইরে আমরা কিছু করতে পারি না।’