কাঁচা সড়কের জন্য ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের কাঁচা সড়ক l ছবি: প্রথম আলো
শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের কাঁচা সড়ক l ছবি: প্রথম আলো

শেরপুর জেলা সদর থেকে বয়ড়াপরানপুর গ্রামের দূরত্ব মাত্র চার কিলোমিটার। শেরপুর-ঢাকা মহাসড়কের পাশঘেঁষা গ্রামটির বেশির ভাগ মানুষই নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত। জেলা সদরের সঙ্গে যোগাযোগে তাদের প্রধান বাধা আধা কিলোমিটার কাঁচা সড়ক। ওই সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে বয়ড়াপরানপুরসহ পাঁচ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ।
এলাকাবাসী জানান, প্রায় আড়াই দশক আগে তৎকালীন ইউনিয়ন পরিষদের উদ্যোগে শেরপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন বয়ড়াপরানপুর গ্রামের শুরু থেকে অষ্টমীতলা-কানাসাখোলা বাইপাস সড়কের সিদ্দিক নার্সারি পর্যন্ত আধা কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। এ সড়কে একটি কালভার্টও আছে। সড়কটি দিয়ে বয়ড়াপরানপুর, মধ্যবয়ড়া, ভাতশালা, বয়ড়া পালপাড়া ও বলেরবাড়ি গ্রামসহ আশপাশের মানুষ চলাচল করে। কিন্তু এটি কাঁচা হওয়ায় এলাকার মানুষ ভোগান্তি পোহায়। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের অন্ত থাকে না। তখন হেঁটে চলাও দায় হয়ে পড়ে।
১৫ জুলাই সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে পানি জমে আছে। পুরো সড়কটি পিচ্ছিল হয়ে গেছে। এ সড়কের একমাত্র কালভার্টটির স্লাবের দুই পাশে ভেঙে যাওয়ায় পণ্যবাহী ট্রাকসহ অন্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকার মানুষ বিকল্প পথে পণ্য পরিবহন করছে।
বয়ড়াপরানপুর গ্রামের নার্সারি মালিক সমিতির সভাপতি মো. ইন্তাজ আলী বলেন, এ এলাকার মানুষের প্রধান পেশা নার্সারি ব্যবসা। জুন থেকে সেপ্টেম্বর এ চার মাস চারা বিক্রির মৌসুম হলেও সারা বছরই কম-বেশি চারা বিক্রি হয়। স্থানীয় ক্রেতা ছাড়াও চারা সংগ্রহ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রেতা বয়ড়াপরানপুরে আসেন। বিশেষ করে চারা বিক্রির ভরা মৌসুমে এ আধা কিলোমিটার কাঁচা সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়। তখন ট্রলি-ভ্যান নিয়ে অনেক কষ্টে চারা বাজারে নিতে হয়।
ভ্যানচালক মো. আবদুস সালাম বলেন, ‘বর্ষাকালে এই রাস্তায় পানি জইমা থাকে আর গর্তের সৃষ্টি হয়। মাটির রাস্তার পুরাটাই পিছলা হইয়া পড়ে। তখন অনেক কষ্টে আমাদের মাল (পণ্য) টানুন লাগে।’
জানতে চাইলে ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান সড়কটি বিশেষ প্রকল্পের আওতায় পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করা যায়, শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।