কাঁচাপাট রপ্তানিতে নিষেধাজ্ঞা
জনস্বার্থে কাঁচা পাট রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেবী পারভীনের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ, ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হলো।’
এর আগে গত ১ নভেম্বর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের কাঁচাপাট রপ্তানি এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ৩ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এক মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে কাঁচাপাট রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।
ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এই ছয়টি পণ্যের উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে এরই মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে সরকার। পাট ও বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চলছে বলে জানা গেছে।