কাঁচাবাজার উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সড়কের পাশে ভাসমান কাঁচাবাজার উচ্ছেদের দাবিতে আধা বেলা ধর্মঘট পালন করেছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজারের সব ব্যবসায়ী দোকান বন্ধ রেখে এ ধর্মঘট পালন করেন।
দুপুর ১২টার দিকে পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার সড়কের পাশে ভাসমান কাঁচাবাজার উচ্ছেদের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
কাঁচাবাজারের ব্যবসায়ী কালাম ফরাজি বলেন, ‘মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে প্রতিদিন ভাসমান কাঁচাবাজার বসে। ভাসমান কাঁচাবাজার থেকে মানুষ সবজিসহ কাঁচামাল কেনায় পৌরসভা কর্তৃক নির্ধারিত হাইস্কুল সড়কের কাঁচাবাজারে ক্রেতা কমে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে ভাসমান কাঁচাবাজার বন্ধের দাবিতে আমরা আধা বেলা ধর্মঘট পালন করেছি। পৌরসভার প্যানেল মেয়র আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
এ ব্যাপারে মঞ্জুর রহমান শিকদার বলেন, পৌর শহরের সড়কগুলোর পাশে ফুটপাতে ভাসমান কাঁচাবাজার বসায় যানবাহন ও জনগণকে ভোগান্তি পোহাতে হয়। তাই ভাসমান বাজার উচ্ছেদ করতে স্যানিটারি পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।