কাঁচাবাজার দখল করছে বুড়িগঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে কাঁচামালের ময়লা-আবর্জনা ফেলে শ্যামবাজারের লাকিঘাট এলাকা প্রায় ভরাট করা হয়েছে৷ এখন ভরাট অংশে বসেছে কাঁচাবাজার৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
দীর্ঘদিন ধরে কাঁচামালের ময়লা-আবর্জনা ফেলে শ্যামবাজারের লাকিঘাট এলাকা প্রায় ভরাট করা হয়েছে৷ এখন ভরাট অংশে বসেছে কাঁচাবাজার৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পুরান ঢাকার শ্যামবাজারে লাকিঘাট বেড়িবাঁধে বুড়িগঙ্গার একেবারে ধার ঘেঁষে বসেছে একটি অস্থায়ী কাঁচাবাজার। দিনে দিনে সেই বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এতে ভরাট হয়ে যাচ্ছে নদীর অংশ, আর বাজার সেই জায়গাটি দখল করে নিচ্ছে।
গতকাল রোববার দেখা যায়, লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত সড়ক দখল করে আছে দুই শতাধিক অস্থায়ী কাঁচামালের দোকান। সড়কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্যের ওপর দিয়ে চলাচল করছেন পথচারীরা। দোকানের কারণে সড়কে রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। লাকিঘাটে প্রায় ২০০ শতাংশ জমিতে সবজি নিয়ে বসে আছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। কেনাকাটা করছেন ক্রেতারা। এসব দোকানের আবর্জনা ফেলা হচ্ছে নদীতেই। নদীর কালো পানি থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ।
সবজি কিনতে শ্যামবাজারে এসেছেন ফরাশগঞ্জের বাসিন্দা আবদুল কাদের। তিনি বলেন, বেড়িবাঁধ সড়কে উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার দোকান বসতে শুরু করেছে। কয়েক দিনের মাথায় তা আগের অবস্থায় ফিরে গেছে। এখন নদীর ভরাট অংশে দোকান বসেছে। কিন্তু নজর দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নদীর ভেতর দোকান বসানোর বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী মো. ফরহাদ বলেন, ‘বাজারে মালামাল রাখার জায়গা পাই না। সবার দেখাদেখি নিচে দোকান বসাইছি।’
শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ সড়ক দখল হয়ে যাওয়ায় এক যুগের বেশি সময় ধরে সদরঘাট থেকে পোস্তগোলায় যান চলাচল বন্ধ আছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্যামবাজারে বেড়িবাঁধ সড়ক দখলমুক্ত ও সংস্কার করলে সদরঘাট থেকে পোস্তগোলা যাতায়াত সহজ হবে। সময়ও কম লাগবে। নদীতে দোকান ও বর্জ্য ফেলতে পারবেন না ব্যবসায়ীরা।
ডিএসসিসি সূত্র জানায়, বন্যা থেকে রাজধানীকে রক্ষায় ১৯৮৮ সালে পোস্তগোলা থেকে আমিনবাজার পর্যন্ত বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই বেড়িবাঁধ সড়কের লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত অংশটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন। আর কচুঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি পাউবোর।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ সড়কে নতুন করে যেন স্থায়ী দোকান বসতে না পারে, সে জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এ ছাড়া সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত আড়াই কিলোমিটারের এই সড়কটি সংস্কারের কাজ চলছে।’
শ্যামবাজারের বেড়িবাঁধ সড়ক থেকে গত ১১ নভেম্বর সব ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। কিন্তু এখন উচ্ছেদের কোনো আলামত নেই।