কাঁচাবাজার, পার্ক কিছুই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার, পার্ক ও খেলার মাঠ—এর কোনোটিই নেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে। অন্যান্য নাগরিক সুবিধায়ও পিছিয়ে ওয়ার্ডটি। খানাখন্দে ভরা সড়ক, জলাবদ্ধতা, মশার উপদ্রব ও দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থায় ভোগান্তিতে পড়ছেন ওয়ার্ডের বাসিন্দারা।

গতকাল বুধবার এলাকা ঘুরে এবং স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা যায়। কাজীরবাগ, মিয়াজান লেন, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম মানিকনগর, ছান্দা গলি, কুমিল্লা পট্টি, আনন্দ ধারা, নাজিম উদ্দিন রোড, ওয়াসা রোড ও মানিকনগর বিশ্বরোড এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭ নম্বর ওয়ার্ড গঠিত। দেড় লক্ষাধিক লোকের বসবাস এই ওয়ার্ডে।
এলাকার অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় মশার উপদ্রব প্রচণ্ড। ওয়াসার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ মিশে থাকে। এলাকায় রয়েছে মাদক সমস্যা। এ ছাড়া ওয়ার্ডে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা। এলাকার ভেতরের সড়কে এসব ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতিতে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।
ওয়ার্ডে সরকারি-বেসরকারি কোনো কমিউনিটি সেন্টার নেই। সিটি করপোরেশনের কোনো কাঁচাবাজার না থাকায় অলি-গলিতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকানপাট। দেখা যায়, উত্তর মানিকনগর, ওয়াসা রোড ও মানিকনগর বিশ্বরোডে কয়েকটি মুদি দোকান ও ভ্যান গাড়িতে শাকসবজি বিক্রি হচ্ছে।
দক্ষিণ মানিকনগরের বাসিন্দা আমজাদ আলী বলেন, মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়কের দুই পাশে একটি অস্থায়ী কাঁচাবাজার ছিল। কয়েক মাস আগে তা উচ্ছেদ করে ডিএসসিসি। এখন দেড়-দুই কিলোমিটার দূরে অন্য এলাকায় গিয়ে বাজার করতে হয়। এতে সময় ও শ্রম বেশি লাগে।
গত ২৮ ডিসেম্বর মতিঝিলের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছেন কুমিল্লা পট্টির বাসিন্দা মোফাজ্জল হোসেন। তিনি বলেন, এই ওয়ার্ডে সরকারি বা বেসরকারি কোনো কমিউনিটি সেন্টার নেই। তাই বাধ্য হয়ে অন্য এলাকায় গিয়ে বিয়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয়। অবিলম্বে ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা প্রয়োজন।
উত্তর মানিকনগরের একটি গলিতে ক্রিকেট খেলছিল সাব্বির, রায়হান ও ফরহাদ হোসেন নামের তিন শিশু৷ তারা বলে, এই এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় তারা গলিতে মাঝেমধ্যে খেলাধুলা করে৷
উত্তর মানিকনগরের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, মাঠ ও পার্ক না থাকায় শিশু-কিশোরদের ঘরে বন্দী থাকতে হয়। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রজন্মকে রক্ষায় সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার বিকল্প নেই। অবিলম্বে মানিকনগরে মাঠ ও পার্কের ব্যবস্থা করতে হবে।
পূর্ব মানিকনগরের বালুর মাঠ এলাকায় দেখা যায়, এলাকার সব সড়ক ভাঙাচোরা। বালুর মাঠ এলাকায় পয়োনিষ্কাশন সংযোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খানাখন্দে ভরা সড়কে ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনা। বাতাসে উড়ছে ধুলাবালি। আশপাশের ডোবা-নালায় কালো পানি জমে রয়েছে। উড়ছে মশা-মাছি। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নাক চেপে চলাচল করছেন পথচারীরা।
বালুর মাঠ এলাকার বাসিন্দা ধনু মিয়া বলেন, এই এলাকার প্রতিটি সড়ক প্রায় ১৫ ফুট প্রস্থ। কিন্তু পয়োনিষ্কাশন সংযোগ না থাকায় বাসিন্দারা বহুতল ভবন নির্মাণ করতে পারছেন না।
পশ্চিম মানিকনগরে মান্ডা খালে ময়লা-আবর্জনায় স্তূপ হয়ে রয়েছে। খালের কালো পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালে পানিপ্রবাহ কম থাকায় তা মশার প্রজননক্ষেত্র হয়ে পড়েছে। পুরো এলাকায় মশার প্রচণ্ড উপদ্রব।
একই এলাকার নূরে আলম বলেন, মহল্লার অলি-গলিতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না। এতে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। বর্তমানে বাসাবাড়িতে কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। দিনের বেলাও মশারি টানিয়ে রাখতে হয়৷