কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ইলিশের দাম চড়া
সপ্তাহের ব্যবধানে কমেছে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম। সবজিভেদে পাঁচ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। তবে মাছের বাজারে ইলিশের দাম বাড়তির দিকে। ইলিশ ছাড়া অন্যান্য মাছ এবং মুরগি, ডিম ও মাংসের দাম কমে স্থিতিশীল রয়েছে। গতকাল শনিবার রিয়াজউদ্দিন বাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ‘সবজির দাম কমলেও এর প্রভাব খুবই কম। আরও কমা উচিত। দাম যত হোক, না খেয়ে তো থাকা যায় না। বিক্রেতাদের হাতে জিম্মি আমরা। সরকার শুধু রমজান মাসের জন্য বাজার পর্যবেক্ষণে নামে। রমজান মাস ছাড়া সারা বছরে তাদের খুঁজে পাওয়া যায় না।’ নগরের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা জানান, সবজির সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে ক্রেতাদের চাহিদা একই রকম থাকায় দাম কমার প্রভাবটা খুব একটা পড়ছে না। ফলে এই দাম কমায় ক্রেতারা সন্তুষ্ট নন। বাজার ঘুরে দেখা গেছে, শসা, শিম এবং ছোট আকারের ফুলকপির দাম ছিল সবচেয়ে বেশি। গতকাল রিয়াজউদ্দিন বাজারে কেজিপ্রতি শসা ৫০ থেকে ৫৫ টাকা, শিম ৫৫ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহে এ তিনটি সবজির দাম ছিল যথাক্রমে ৬০ টাকা, ৮০ টাকা ও ৯০ টাকা। এদিকে অন্যান্য মাছ ছাড়া মাছের রাজা ইলিশের দাম ছিল বাড়তি। ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করায় আগে থেকেই ইলিশের দাম বাড়তির দিকে বলে জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের মাছ ব্যবসায়ীরা। মাছের বাজার ঘুরে জানা গেছে, ইলিশের মধ্যে চাঁদপুরের ইলিশের দাম সাগরে ধরা ইলিশের চেয়ে বেশি। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব খুব একটা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি ডিম ব্যবসায়ী মো. রেজাউল করিম জানান, গত কয়েক সপ্তাহে ডিমের বাজার অস্থিতিশীল থাকায় খুচরা ব্যবসায়ীরা লাভের মুখ দেখেননি। সেই ক্ষতি পুষিয়ে নিতে পাইকারি বাজারে ডিমের দাম কমলেও খুচরা বিক্রেতারা দাম কমাচ্ছেন না। রেজাউল জানান, পাইকারিতে ব্রয়লার মুরগির লাল ডিম ১০০টি ৯০০ টাকা, সাদা ডিম ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহ থেকে ১০০ টাকা কম। এ ছাড়া হাঁসের ডিম ৯৬০ টাকা এবং দেশি মুরগির ডিম এক হাজার টাকায় আগের মতোই বিক্রি হচ্ছে।