কাঁচাবাজারে স্বাস্থ্যবিধিও কাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশনের কাঁচাবাজারগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বাজারের সামনে সড়কের ওপর দূরত্ব রেখে বসানো হয়েছিল দোকানিদের। কিন্তু মানছে না কেউ। গাদাগাদি করে চলছে বিকিকিনি। গতকাল দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়।  ছবি: আশরাফুল আলম
সিটি করপোরেশনের কাঁচাবাজারগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বাজারের সামনে সড়কের ওপর দূরত্ব রেখে বসানো হয়েছিল দোকানিদের। কিন্তু মানছে না কেউ। গাদাগাদি করে চলছে বিকিকিনি। গতকাল দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়। ছবি: আশরাফুল আলম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর কাঁচাবাজারগুলো পর্যায়ক্রমে খোলা জায়গায় স্থানান্তর করা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। বাজারের প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপেরও কোনো ব্যবস্থা নেই। কেনাকাটা করতে আসা মানুষও স্বাস্থ্যবিধি মানতে চাইছেন না।

ঢাকার দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দোকানের সামনে দূরত্ব চিহ্নিত করে দাগ দেওয়া হলেও মানুষ তা মানছেন না। সামাজিক দূরত্ব রক্ষায় জনসাধারণের সচেতনতা জরুরি।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার ক্ষেত্রে কারিগরি নির্দেশনামূলক একটি পুস্তক ৭ মে ওয়েবসাইটে প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির তৈরি করা এই পুস্তকে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা রয়েছে। এতে বাজারগুলোর জন্য আলাদা নির্দেশনা রয়েছে। তাতে বলা হয়েছে, বাজারের প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা থাকতে হবে। ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক বাধ্যতামূলকভাবে পরতে হবে। বাজারের কসাইখানা, প্রক্রিয়াজাত কেন্দ্রকে সুরক্ষিত রাখতে হবে। বাজার বন্ধের পর জীবাণুমুক্ত করতে হবে। কেনাকাটার সময় অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, সামাজিক দূরত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই বাজারে দূরত্ব মানছেন না। 

গতকাল বুধবার বেলা ১১টায় উত্তর পীরেরবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ক্রেতাদের বেশ ভিড়। বাজারের পাশের ৬০ ফুট সড়কের একটি অংশ বন্ধ করে সেখানে বসানো হয়েছে মাছ, সবজি ও ফলের দোকান। দূরত্ব বজায় রেখে দোকান বসানো হলেও ক্রেতারা দূরত্ব মানছেন না।

>জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কমিটি বাজারগুলোর জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে
এসব নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে না কাঁচাবাজারে

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সবাই তো সমান সচেতন না। কেউ নিজ দায়িত্বে দূরত্ব মানার চেষ্টা করছেন। কিন্তু আরেকজন গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। সরে দাঁড়াতে বললে আবার উত্তেজিত হচ্ছেন। 

মিরপুর ১ নম্বরের শাহ আলী কাঁচাবাজার চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে সরানোর কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে মূল বাজারের বাইরে প্রধান সড়কের এক পাশ বন্ধ করে বসানো হয়েছে সবজি ও ফলের বাজার। সেখানে দোকানি ও ক্রেতাদের জন্য পুলিশের উদ্যোগে আলাদা চিহ্ন দিয়ে নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী বিক্রেতারা বসলেও ক্রেতারা তা অনুসরণ করছেন না। 

শাহ আলী সিটি করপোরেশন মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ মিরপুর বাজারে আসছেন। রমজানের কারণে ক্রেতার চাপ বেশি। করোনা সংক্রমণ নিয়ে এখনো লোকজন সচেতন না। 

 মাস্ক না পরায় এবং বাজারে সামাজিক দূরত্ব না মানায় গত মঙ্গলবার এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল হারুন প্রথম আলোকে বলেন, খিলগাঁও এলাকায় এক ব্যক্তিকে সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী জরিমানা করা হয়। পেশায় শিক্ষক ওই ব্যক্তির বয়স ৫০ বছরের কাছাকাছি।

দুই সিটির ২৮টি কাঁচাবাজারের মধ্যে ২৪টি খোলা জায়গায় সরানো হয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজার, খিলগাঁও, তেজগাঁওয়ের কলমিলতা ও মগবাজার কাঁচাবাজারের বেশ কিছু দোকান বন্ধ থাকায় সেগুলো স্থানান্তর করা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা অনুসারে, কাঁচাবাজারগুলো বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে বাজারগুলোতে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্তও কেনাবেচা চলতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, রোজার মাস বলে অনেকেই ইফতারের আগে কেনাকাটা করতে আসছেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বাজারে সংক্রমণের ঝুঁকি রয়েছে—এই বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।