কাঁচামরিচ, রসুন, বেগুন, শসা, ধনেপাতা রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে কাঁচামরিচ, রসুন, বেগুন, শসা ও ধনেপাতার দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্য রপ্তানি বন্ধ থাকবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বৈঠকে রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং প্রজ্ঞাপন জারি হয়। আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বহাল থাকবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, রমজানের আগে ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন। সে জন্য রপ্তানি বন্ধ করতে মন্ত্রণালয়ের কাছে ফেডারেশন সুপারিশ করে। গত বছর একই রকম সিদ্ধান্ত নেওয়ায় এসব পণ্যের দাম স্থিতিশীল ছিল।

হেলাল উদ্দিন আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই রাজধানীতে কাঁচামরিচের দাম এর মধ্যে ৮০ থেকে ১০০ টাকা কেজি হয়ে গেছে। আশা করি, রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আজ থেকে দাম কমে আসবে।’ 

এদিকে এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট রপ্তানিকারকদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

রাজবাড়ীতে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়েছে

‘প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে কোনো কারণ ছাড়াই হঠাত্ করে কাঁচামরিচের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে।

বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হয়। তবে বৃহস্পতিবার সকালে দাম বেড়ে ৭০-৭৫ টাকা হয়ে যায়। ওই দিন বিকেলেই আরেক দফা দাম বেড়ে ৯০-১০০ টাকা হয়ে যায়। তবে আজ শনিবার কাঁচামরিচের কেজি ১২০-১৪০ টাকায় বিক্রি হয়।

রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার বাসিন্দা আশফিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার বাজার থেকে ৪০ টাকা দরে কাঁচামরিচ কিনেছিলাম। আজ দাম নেওয়া হচ্ছে ১৩০ টাকা।’

রাজবাড়ী বাজারের কাঁচামাল ব্যবসায়ী ফরিদ মোল্লা বলেন, ‘দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। পাইকাররা দাম বাড়িয়ে দেওয়ায় আগের চেয়ে বেশি দরে মরিচ কিনতে হচ্ছে।’ পাইকারি বিক্রেতা কুরবান সরদার দাবি করেন, ‘টানা কয়েক দিনের বৃষ্টির ফলে অনেক মরিচখেত পানিতে তলিয়ে গেছে। এজন্য কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এ ছাড়া সামনে রমজান মাস। সব মিলিয়েই দাম বেড়েছে।’   

অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘এখন স্বাভাবিক বৃষ্টি হচ্ছে। তবে আমার জানা মতে, রাজবাড়ীর কোথাও মরিচখেত বৃষ্টির পানিতে তলিয়ে যায়নি।’