কাঁচামাল ব্যবসায়ী থেকে 'ভয়ংকর খুনি' মোমিনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ও কাঁচামাল ব্যবসায়ী থেকে ‘ভয়ংকর খুনি’ হয়ে ওঠা বগুড়ার সেই আবদুল মোমিন ওরফে পিচ্চি বাবু ও তাঁর দুই সহযোগীকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাজধানীর শাপলা নামের একজন নারীকে বগুড়ায় এনে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন রাফিউল ইসলাম ওরফে রাফি ও শাহিন। আবদুল মোমিনের বাড়ি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে। আর বাকি দুজনের বাড়ি মেঘাখদ্দর গ্রামে।

জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘাখদ্দর গ্রামের একটি খেত থেকে অজ্ঞাতনামা একজন নারীর মরদেহ উদ্ধার হয়। পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

২০১৪ সালে বগুড়ার মুখ্য বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে পাঁচ নারীসহ সাতজনকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় চাঞ্চল্যকর জবানবন্দি দেন আবদুল মোমিন।
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকা থেকে নিপা নামের এক বান্ধবীকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ডেকে এনে খুন করতে গিয়ে বান্ধবীর বোনের ছেলে সুজন মিয়াকে (১৬) খুন করে ধরা পড়ে আবদুল মোমিন। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে শাপলাসহ আরও ছয়জনকে হত্যার কথাও স্বীকার মোমিন। তিনি বলেন, শাপলার সঙ্গে প্রেম ছিল তাঁর। একই সঙ্গে অন্য নারীর সঙ্গেও সম্পর্ক ছিল। অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় শাপলা প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে মোমিনের মাদকের একটি চালান ধরিয়ে দেন। এ কারণে বেড়াতে যাওয়ার কথা বলে বগুড়ার শিবগঞ্জে এনে সহযোগীদের নিয়ে ধর্ষণের পর ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করেন এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে শাপলাকে হত্যা করেন।

মোমিন ২০১৪ সালে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আরও উল্লেখ করেন, কিশোর বয়সেই এক মেয়ের প্রেমে পড়েছিলেন। নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা তাঁর নেশা। প্রথম প্রেম ভেঙে গেলে উত্তরবঙ্গ থেকে মাছ ও কাঁচামাল কিনে রাজধানীতে নিয়ে বিক্রি করতেন। সঙ্গদোষে মাদকের ব্যবসা ও নেশায় জড়ান। মাত্র ৫০ হাজার টাকার লোভে প্রথমে তরমুজ ব্যবসায়ী আবদুস সামাদকে (৪০) খুন করেন। এরপর একে একে চারজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ঠান্ডা মাথায় খুন করেন। টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন অনেক বান্ধবীকে। এর মধ্যে লিপি নামের এক বান্ধবীকে ২০১৩ সালের অক্টোবর মাসে বগুড়ার শিবগঞ্জে বেড়াতে নিয়ে এসে খুন করেছেন। ২০১২ সালের শেষ দিকে তানিয়া (২২), ২০১১ সালের অক্টোবর মাসে লাকি আকতার (১৮), ২০১০ সালে সোনিয়া (২০) নামের তিন বান্ধবীকে খুন করেছেন।
বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন বলেন, আবদুল মোমিনের বিরুদ্ধে সাতটি খুনের মামলা হয়েছে। আজ শাপলা হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন হয়েছে। দুই মাস আগে সুজন হত্যা মামলায়ও তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।