কাঁচামাল সরবরাহ করেন জামায়াতের কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার এক্সইএন কলোনির একটি বস্তিঘরে গত শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় জামায়াত-সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনের বিরুদ্ধে ওই রাতেই মামলা হয়েছে। এ ঘটনায় বোমা তৈরির কারিগর মানিক নামের এক যুবককে পুলিশ জামায়াত পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এক্সইএন কলোনির একটি বস্তিঘরে বোমা বানানো হতো। হরতাল কর্মসূচিতে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হতো।
চট্টগ্রাম নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াতের নেতা মাহফুজুল আলম বোমা তৈরির কাঁচামাল সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ ও বোমা তৈরির কারিগর মানিকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিগত অনেক হরতাল কর্মসূচিতে নগরে ব্যবহূত বোমা ও ককটেলগুলো এক্সইএন কলোনির বস্তিঘরে তৈরি হয়েছে, যা প্রাথমিকভাবে স্বীকার করেছে বোমা তৈরির কারিগর মানিক।
মানিককে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে সুস্থ হয়ে উঠলে আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাব।’
ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, বোমার তৈরির সরঞ্জাম ও কাঁচামাল সরবরাহ করতেন ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুল আলম। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের আসল হোতা। এক্সইএন কলোনিতে বোমা বিস্ফোরণের পর তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পাহাড়তলী কলেজসংলগ্ন এক্সইএন কলোনির একটি বস্তিঘরে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে জামায়াতের বোমা তৈরির কারিগর মানিক গুরুতর আহত হন। তাঁকে জামায়াতে ইসলামী পরিচালিত নগরের মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, হরতাল কর্মসূচিতে ব্যবহারের জন্য জামায়াত-শিবির ওই বস্তিতে আগাম বোমা বানিয়ে রাখছিল। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে। তদন্তের পর অভিযোগপত্রে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।