কাঁচামাল সরবরাহ বন্ধ, ব্যাহত হচ্ছে সিমেন্ট কারখানার উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌযানশ্রমিকদের ধর্মঘটের কারণে গতকাল টানা তৃতীয় দিনের মতো লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ছিল অসংখ্য লাইটার জাহাজ। ছবিটি চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
নৌযানশ্রমিকদের ধর্মঘটের কারণে গতকাল টানা তৃতীয় দিনের মতো লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ছিল অসংখ্য লাইটার জাহাজ। ছবিটি চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

নৌযানশ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্যবাহী জাহাজের মাধ্যমে কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে সিমেন্ট শিল্প। গতকাল শনিবার রাত আটটা থেকে প্রিমিয়ার সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই কারখানাসহ আরও ১০টি কারখানায় উৎপাদন পুরোপুরি বা আংশিক বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন সিমেন্ট প্রস্তুতকারক সমিতি।
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত বুধবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। এতে তিন দিন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দর থেকে পণ্য নিয়ে বিভিন্ন ঘাটে অবস্থান করা ৬৮১টি জাহাজ থেকেও পণ্য খালাস করা যাচ্ছে না।
সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, বড় কারখানাগুলোর জন্য প্রতিদিন ৫ থেকে ১০ হাজার টন কাঁচামাল প্রয়োজন হয়। এ কারণে ৩৫টি সিমেন্ট কারখানার মধ্যে গতকাল রাত পর্যন্ত ১০টি কারখানায় উৎপাদন পুরোপুরি বা আংশিক বন্ধ হয়ে গেছে।
বন্দর সূত্র জানায়, বন্দরের বহির্নোঙরে ৫৫টি পণ্যবাহী বড় জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ ও স্ল্যাগবাহী জাহাজ আছে ৩১টি। এসব জাহাজে আটকা পড়েছে প্রায় ৮ লাখ টন পণ্য।
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ করে দেওয়ার বিকল্প ছিল না।
প্রথম আলোর খুলনা অফিস জানায়, নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারে প্রধানমন্ত্রী ও নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নৌপরিবহন মালিকেরা। তাঁরা নৌযান শ্রমিকদের দাবি যৌক্তিক নয় বলেও উল্লেখ করেছেন। গতকাল খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মঘটের কারণে মংলা বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নৌযানশ্রমিকদের ধর্মঘটে কারণে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে।