টানা অবরোধের কারণে সিরাজগঞ্জের জাতীয় পাটকলে কাঁচা পাট ও উৎপাদিত পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ফলে কাঁচা পাটের অভাবে যেকোনো সময় পাটকলটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জাতীয় পাটকল কর্তৃপক্ষ সূত্র জানায়, বর্তমানে পাটকলে প্রায় চার হাজার মণ কাঁচা পাট মজুত রয়েছে। এ ছাড়া প্রায় ৩০ কোটি টাকার উৎপাদিত পণ্য (বস্তা, চট) মজুত রয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকার পণ্য দেশের বাইরে বিক্রি করা হলেও অবরোধে পরিবহন সংকটের কারণে সেগুলো সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাইরের বিভিন্ন জেলার ক্রয়কেন্দ্রে কেনা কাঁচা পাট মজুত থাকলেও সেগুলো পাটকলে আনা সম্ভব হচ্ছে না। প্রতিদিন পাটকলে প্রায় এক হাজার মন কাঁচা পাটের প্রয়োজন হয়। এভাবে চলতে থাকলে মজুত কাঁচা পাট দিয়ে পাটকলটি তিন-চার দিন চালু রাখা সম্ভব হবে। এর মধ্যে কাঁচা পাট আমদানি করা না হলে মিলটি বন্ধ হয়ে যাবে।
মিলের শ্রমিক সূত্র জানায়, ২০০৭ সালে পাটকলটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২০১১ সালের ৯ জুলাই আবার চালু হয়। প্রধানমন্ত্রী নিজে এসে পাটকলের উদ্বোধন করেন। এর পর থেকে মিলটি চালু রয়েছে। এর মধ্যে পাটকলটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে আড়াই হাজার কর্মকর্তা শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। এ অবস্থায় পাটকলটি বন্ধ হয়ে গেলে শ্রমিকেরা বেকারসহ পরিবারেও নেমে আসবে বিপর্যয়।
পাটকলের দায়িত্বে নিয়োজিত প্রকল্প পরিচালক নূরুল ইসলাম বলেন, পাটকলে যে পরিমাণ কাঁচা পাট মজুত রয়েছে, তাতে আগামী তিন থেকে চার দিন চলবে। এর মধ্যে কাঁচা পাট আনতে হবে। বিভিন্ন ক্রয়কেন্দ্রে পাট কেনা আছে। ট্রাকের চালক ও মালিকদের পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও তাঁরা পরিবহন করতে রাজি হচ্ছেন না। কিছুদিন আগে চার ট্রাক কাঁচা পাট প্রশাসনের মাধ্যমে পরিবহন করা হয়েছে। এ ছাড়া ১০ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে, এগুলোও পাঠানো সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলন, অবরোধের কারণে মালামাল পরিবহন করা না গেলে পাটকলটি বন্ধ রাখা ছাড়া বিকল্প পথ থাকবে না। বর্তমানে মজুত মালের ওপর নজর রেখে ২৫০টি তাঁত চালু রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাঁতের সংখ্যা কমানো হতে পারে।