কাঁটাতারের পাশে যুবকের লাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্তে ত্রিপুরা রাজ্যের আগরতলার লংকামুড়া এলাকার কাঁটাতারের অপর পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার আগরতলা পশ্চিম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। যুবকটি বাংলাদেশি বলে ত্রিপুরা পুলিশের ধারণা। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সীমান্তের কাঁটাতারের বেড়াসংলগ্ন ত্রিপুরার রামনগর পুলিশ ফাঁড়ির ওসি রুহুল আমিন বলেন, অজ্ঞাত হিসেবে উদ্ধার করা লাশটি তিন দিন মর্গে রাখা হবে। এই সময়ের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ অংশের স্থানীয় দক্ষিণ ইউপি সদস্য রহিম মিয়া জানান, অনেক মানুষ লাশ দেখেছে। কেউই ওই যুবককে শনাক্ত করতে পারেনি। বিজিবি সূত্র জানায়, ওই যুবকের বয়স প্রায় ২০ বছর। সীমানা পিলার থেকে ভারতীয় অংশের প্রায় ১৩০ গজ ভেতরে লাশটি পড়ে ছিল। রাতের কোনো এক সময় তাঁকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবি সরাইল ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শাহজাহান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছে।