ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ দুই দেশের জন্যই ভালো ফল বয়ে এনেছে। এতে অপরাধ কমে এসেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবিবুল করিম গতকাল বুধবার ভারতের ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন হয়।
বিজিবি ও বিএসএফের মধ্যে চার দিনের সীমান্ত সম্মেলনের শেষ দিন ছিল গতকাল। সম্মেলনে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল আবিবুল করিম। আর বিএসএফের ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিলং ফ্রন্টিয়ারের আইজি পিকে দুবে।
সম্মেলন শেষে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই পক্ষের কর্মকর্তারা। এতে সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রশংসা করে ব্রিগেডিয়ার জেনারেল আবিবুল করিম বলেন, ভারত নিজেদের খরচে এই বেড়া না দিলে তা বাংলাদেশকে যৌথভাবে বা এককভাবে দিতে হতো। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ মাইল সীমান্ত রয়েছে। বাংলাদেশের নিজের খরচে এই সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিলং ফ্রন্টিয়ারের আইজি পিকে দুবে বলেন, সব সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সীমান্তে অপরাধ অনেকটাই কমেছে। এ সময় নতুন নতুন সীমান্তচৌকি স্থাপন করে সন্ত্রাসীদের আনাগোনা কঠোর হাতে দমন করা হবে বলে আশা প্রকাশ করেন দুই বাহিনীর কর্মকর্তারা।
এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আবিবুল করিম বলেন, সন্ত্রাসবাদ এখন গোটা দুনিয়ার সমস্যা। তবে বাংলাদেশ এই সমস্যার সমাধান নিজের শক্তিতেই করতে সক্ষম। তিনি দাবি করেন, বাংলাদেশে আইএস জঙ্গিদের কোনো তৎপরতা নেই।
সম্মেলনের শেষ দিন গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবির কর্মকর্তারা।