কাঁটাতারের বেড়া কেটে গরু চোরাচালান
সীমান্তের কাঁটাতারের উঁচু বেড়াও গরু চোরাচালান ঠেকাতে পারছে না। কাঁটাতারের বেড়া কেটে এর ভেতর দিয়ে বিশেষভাবে তৈরি মাচায় করে ভারত থেকে গরু চোরাচালান হচ্ছে। মাচা থেকে পড়ে জখম হওয়া গরু ঘটনাস্থলেই জবাই করা হচ্ছে। আর অক্ষত গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, মেদেনীপুর ও বেণীপুর গ্রামে এভাবেই ভারত থেকে চোরাই পথে গরু আনা হচ্ছে। সরেজমিনে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, ওই তিনটি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা এবং গরু চোরাচালানে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প পরিশ্রমে অধিক আয়ের লোভে (গরুপ্রতি এক হাজার টাকা) সীমান্তবর্তী গ্রামগুলোর সহস্রাধিক তরুণ-যুবক মৃত্যুর ঝুঁকি নিয়ে গরু পারাপার করছেন। একটি চোরাচালানি চক্র যুবক-তরুণদের এই কাজে লাগাচ্ছে। চক্রের হয়ে আট-দশজন করে লোক দলে দলে ভাগ হয়ে এই কাজ করছেন। সীমান্তের ওপারে গিয়ে তাঁরা গরুর ব্যবসায়ীদের কাছ থেকে গরু নিয়ে কাঁটাতার পার করে চক্রের সদস্যদের কাছে পৌঁছে দেন। ভারত থেকে সংশ্লিষ্ট গরুর ব্যবসায়ী মুঠোফোনে বাংলাদেশে চক্রের সদস্যদের গরুর সংখ্যা জানিয়ে দেন। টাকা পরিশোধ হয় হুন্ডির মাধ্যমে।এভাবে গরু আনতে গিয়ে গত ১৬ জুন মেদেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন হরিহরনগরের ইমরান হোসেন (১৯)। গত এক বছরে এই ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ও বোমায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া বিএসএফের হাতে আটক ব্যক্তিদের মধ্যে ২১ জন ভারতের কারাগারে আছেন।ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গরু চোরাচালান চক্রের শীর্ষস্থানীয় ১০ জন হচ্ছেন হরিহরনগর গ্রামের আমির হোসেন, কবির হোসেন, আবদুল করিম, সৈয়দ আলী, শহিদুল ইসলাম ও আবদুল হান্নান, বেণীপুর গ্রামের সবুজ আলী, আসাদ আলী ও আবদুর রশিদ এবং ধানখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির একটি সূত্র জানায়, বিএসএফ ৮০ জন চোরাচালানির একটি তালিকা বিজিবিকে দিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিল। এই ১০ জনের নামও ওই তালিকায় রয়েছে। নিহত ইমরানের চাচা সহির উদ্দিন জানান, চোরাকারবারি হরিহরনগরের আমির হোসেনের গরু আনতে গিয়ে তাঁর ভাতিজা মারা গেছেন। উত্তরপাড়ার সাদেক হোসেন জানান, এই চক্রের হয়ে প্রতি রাতে হরিহরনগর গ্রামের অন্তত ৩০০ তরুণ-যুবক গরু আনতে ভারতে যান।বেণীপুর গ্রামের হাবিবুর রহমান জানান, গত বছরের ৫ ফেব্রুয়ারি ওই গ্রামের সবুজ আলীর হয়ে পাঁচ যুবক বিএসএফের হাতে আটক হলেও তাঁদের ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কেউ নেননি।বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি-৬) উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, চোরাচালান প্রতিরোধে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিজিবির পক্ষ থেকে সচেতনতা বাড়াতে প্রতি মাসে অন্তত ১৫টি সভা-সমাবেশ করা হচ্ছে।বিএসএফের দেওয়া তালিকা সম্পর্কে জানতে চাইলে বিজিবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান বলেন, মাঝেমধ্যে বৈঠকে বিএসএফ তালিকা দেয়। তবে তাতে চোরাচালানির সংখ্যা কত, তা এই মুহূর্তে মনে নেই।সীমান্ত ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জানান, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টিই ভারতীয় সীমান্ত ঘেঁষা। তিনি বলেন, এসব ওয়ার্ডের গ্রামগুলোর অন্তত ৩০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারত থেকে গরু চোরাচালানের সঙ্গে জড়িত।