কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার রাত সাড়ে আটটা থেকে দেড় ঘণ্টা রাজধানীর কাঁটাবন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কাঁটাবন এলাকায় পরিবার পরিকল্পনা ভবনের পাশের একটি ভবনে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মী বাধা দিলে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আরেক শিক্ষার্থীকে বাধা দেন ওই নিরাপত্তাকর্মী। এ নিয়ে বাগবিতণ্ডায় হয়। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় যানচলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। রাস্তায় অবস্থান নিলেও শিক্ষার্থীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি।
রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ জানান, শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।