
কোনো পার্ক বা উদ্যানে বেড়াতে গেলে গাঢ়-নীল রঙের একগুচ্ছ কাঁটামেহেদি আপনাকে চমকে দিতে পারে। ভারি সুন্দর রং। রংটা এতই চটকদার যে আপনার চোখ ফুলটিকে খুঁজে বের করবেই। দক্ষিণ আমেরিকার এ গাছ কবে, কখন, কীভাবে আমাদের দেশে এসেছে, সেই ইতিহাস এখন আর জানা যায় না। তবে গাছটি দেশের সর্বত্র এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন আর বিদেশিও মনে হয় না। শুধু তা-ই নয়, এ গাছ কোথাও কোথাও এখন বুনো হিসেবেও ছড়িয়ে পড়েছে।
মাস কয়েক আগে রাঙামাটি জেলার পাবলাখালী অভয়ারণ্যে গিয়েও গাছটি দেখেছি। সেখানে প্রাকৃতিকভাবেই জন্মে। এরা ফুল ও পাতার সৌন্দর্যের কারণে বিভিন্ন বাগান কিংবা লনেও বেড়ার কাজে ব্যবহূত হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এখন অনেকেই স্কুল, বাগান বা যেকোনো স্থাপনায় প্রাকৃতিক দেয়াল তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, গাছটি শক্ত ডালপালা ও ঘনবদ্ধ পাতার ঠাসবুনুনিতে খুব সহজেই বেড়ায় রূপান্তরিত হতে পারে। তার সঙ্গে বাড়তি পাওনা উজ্জ্বল রঙের প্রায় বর্ষব্যাপ্ত প্রস্ফুটন প্রাচুর্য। নান্দনিক এ ফুল কোথাও কোথাও দুরন্ত নামেও পরিচিত। তবে এ গাছের সঙ্গে মেহেদিগাছের কোনো সম্পর্ক আছে কি না জানা নেই। ঢাকার বিভিন্ন পার্ক ও উদ্যানে গাছটি সহজদৃষ্ট।
কাঁটামেহেদি গুল্মশ্রেণীর বহুরূপী গাছ হিসেবে পরিচিত। অর্থাৎ এ গাছকে নানাভাবে নানা আকৃতিতে রাখা যায়। কোনো কোনো গাছ পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত উঁচু হতে পারে। আবার কোনো গাছে কাঁটা আছে, কোনোটিতে নেই। আলংকারিক গাছ হিসেবে সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। পত্র সরল, তির্যকপন্ন-প্রতিমুখ, অসংখ্য, আকার-আকৃতি ও বুনটে অপরিবর্তনীয়, কিনারা করাতের মতো দাঁতালো। পুষ্পবিন্যাস কাক্ষিক থেকে শীর্ষক রেসিম, ৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা, আট থেকে নয় মিলিমিটার চওড়া, হালকা অনেক পুষ্পক। ফুল সুগন্ধি, সাধারণত নীল, রক্তনীল, বেগুনি, হালকা বেগুনি থেকে গাঢ়-বেগুনি বা রক্ত বেগুনি পর্যন্ত বিচিত্রতায় ভরা। মঞ্জরিপত্র ক্ষুদ্র, পুষ্পবৃন্ত দুই থেকে চার মিলিমিটার লম্বা, বৃতি নলাকার, নল প্রায় চার মিলিমিটার লম্বা। ফলের বৃতি হলুদাভ, চকচকে, রোমহীন, ফলের পেছনে প্রসারিত হয়ে বাঁকা চঞ্চুতে পরিণত। ফল হলুদ বা কমলা রঙের, গোলগাল ও ছোট আকৃতির। ফুল ঝরে পড়ার পর গুচ্ছবদ্ধ ফলও শোভাবর্ধক। কাঁটামেহেদির পাতা ও বাকল ঔষধিগুণে ভরা। মেক্সিকোতে এ গাছের সেদ্ধ ক্বাথ জন্ডিস ও পিত্ত রোগে ব্যবহার করা হয়। জন্মস্থান দক্ষিণ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।