কাঁঠাল নিয়ে বিপাকে ব্যবসায়ী ও বাগানমালিকেরা
চাহিদা কম থাকায় বগুড়ার আদমদীঘি উপজেলার কাঁঠালবাগানের মালিক ও ব্যবসায়ীরা কাঁঠাল বিক্রি করতে পারছেন না। ক্রেতার অভাবে আগাম কিনে রাখা কাঁঠালও এখন ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না। এ কারণে অনেক গাছে কাঁঠাল পেকে নষ্ট হয়ে যাচ্ছে। বাগানমালিক, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর কাঁঠালের ফলন ভালো হওয়ায় এর দাম পড়ে গেছে। তা ছাড়া কাঁঠালে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক মেশানোর বিষয়টি ব্যাপক প্রচার পাওয়ায় মানুষ কাঁঠাল কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।সান্তাহার রেলগেট এলাকার কাঁঠালের আড়তদার কামাল হোসেন বলেন, ‘আমার ব্যবসায় জীবনে কাঁঠাল নিয়ে এ বছরের মতো কখনো বিপাকে পড়িনি। এ বছর এলাকায় কাঁঠালের ফলন ভালো হয়েছে। কিন্তু ক্রেতাদের মধ্যে ফরমালিন-আতঙ্ক থাকায় বিক্রি কম হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, বর্তমানে উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে দু-চারটি করে কাঁঠালগাছ রয়েছে। এসব গাছের সব কাঁঠাল বাড়ির মালিকেরা খেতে পারছেন না। আবার বাজারে চাহিদা কম থাকায় বিক্রিও করতে পারছেন না। যাঁরা কাঁঠাল বিক্রি করেন না, তাঁরা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে কাঁঠাল পাঠাচ্ছেন। এসব কারণে কাঁঠালের দাম কম। উৎপাদন বেশি হওয়ায় কাঁঠালের এই অবস্থা।আদমদীঘির সান্তাহার শহরের কাঁঠাল ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, গত বছর মাঝারি আকারের একটি কাঁঠালের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা, কিন্তু এ বছর একই আকারের একটি কাঁঠালের দাম মাত্র ১৫ থেকে ২০ টাকা। তিনি বলেন, অনেক সময় এর চেয়ে কম দামেও ক্রেতারা ওই আকারের কাঁঠাল কিনছেন না। এ কারণে ব্যবসায়ীরা কাঁঠাল কিনতে সাহস পাচ্ছেন না। উপজেলার দুর্গাপুর গ্রামের কাঁঠালবাগানের মালিক মামুন হোসেন জানান, তাঁর বাগানে ৩২টি গাছ রয়েছে। গাছগুলোতে প্রায় ৮০০ কাঁঠাল ধরেছে। কিন্তু এ বছর কাঁঠালের দাম কম থাকায় কোনো ব্যবসায়ী তাঁর বাগানে কাঁঠাল কিনতে আসছেন না। কাঁঠাল গাছে পেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমইল গ্রামের মোজাফফর হোসেন বলেন, ‘পাঁচ থেকে ১০ টাকায় একটি কাঁঠাল পেয়ে গরুকে তা খেতে দিচ্ছি।’