কাঁঠাল পাতা নিয়ে কেটে গেল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর স্টেশন রোড এলাকায় ভ্যানে করে কাঁঠাল পাতা আনা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
দিনাজপুর স্টেশন রোড এলাকায় ভ্যানে করে কাঁঠাল পাতা আনা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রেহেনা ও রেশমা দুই বোন। শৈশবে খেলাচ্ছলে কাঁঠাল পাতা বেচতে শুরু করেছিলেন তাঁরা। তারপর আর ছাড়েননি। সময় বদলেছে। কিন্তু ওই পুরোনো জায়গাতেই দুবোন তাঁদের ব্যবসা চালিয়ে আসছেন।
দিনাজপুর শহরের স্টেশন রোড এলাকায় রোজ কাঁঠাল পাতা বিক্রি করেন তাঁরা। অন্তত ৩০ বছর ধরে কাঁঠাল পাতা বিক্রি করছেন তাঁরা। শহরের এই এক জায়গাতেই বিক্রি হয় কাঁঠালপাতা। এখানে এ দুবোন ছাড়াও কাঁঠাল পাতা বিক্রি করেন আলেয়া বেগম নামের আরেক নারী। আগে তাঁর শ্বশুর এ ব্যবসা করতেন। তিনি মারা যাওয়ার পর আলেয়া বেগম শ্বশুরের ব্যবসা শুরু করেন। এক যুগ ধরে তিনি এ ব্যবসা করছেন।
দুবোন রেহেনা ও রেশমার বিয়ে হয়েছে। সংসার আছে। এখন তাঁদের ছেলেরা উপার্জন করে। স্বামীও রোজগার করেন। কিন্তু দুবোন কারও ওপর নির্ভরশীল হয়ে বাঁচতে চান না। জীবনে যত দিন কর্মক্ষম থাকবেন খেটে খেতে চান।
আলেয়া বেগম, রেহেনা বেগম ও রেশমা বেগম তিনজনই থাকেন শহরের দপ্তরীপাড়া এলাকায়। প্রতিটি কাঁঠালগাছ তাঁরা কেনেন ৩০০ থেকে ৪০০ টাকায়। সারা দিন ধরে রোদে পুড়ে তাঁরা এই কাঁঠাল পাতা বেচে জীবিকা নির্বাহ করেন।
গাছ থেকে ডালসহ পাতা নিয়ে আসার পরে তাঁরা বড় ডাল কেটে টুকরো ডাল করে পাতাসহ গোছা করে সাজিয়ে রাখেন। প্রতি গোছা পাতা তারা বিক্রি করেন ২০ টাকায়। রামনগর, ফকিরপাড়া, সুইহারী, কসবা, নয়নপুরসহ শহরের বিভিন্ন এলাকা থেকে সবাই এখানে কাঁঠাল পাতা কিনতে আসেন।
গতকাল মঙ্গলবার কথা হয় কাঁঠাল পাতাবিক্রেতা এসব নারীর সঙ্গে। এত কাঁঠাল পাতা কীভাবে সংগ্রহ করেন জানতে চাইলে রেশমা বলেন, ‘আমাদের খোঁজ নেওন লাগে না। কাঁঠালগাছওলারাই আমাদের মোবাইলে খবর দ্যান। আমরা গিয়ে রিকশা ভ্যানে করে নিয়ে আসি।’ আলেয়া বলেন, ‘গাছের সাইজ বুইজ্যা পাতার দাম ৩ থেকে ৪ শ ট্যেকা। ডেলি সকাল ৮টা থাইক্যা রাত ৮টা পর্যন্ত পাতা বেচি। যা আসে তাতে প্যাটের ভাত চইল্যা যায়।’
রামনগর এলাকার শহীদুল ইসলাম। সাইকেলে করে পাতা নিতে এসেছেন স্টেশন এলাকায়। তিনি বলেন, ‘এখানে এভাবে সহজে কাঁঠাল পাতা পাওয়া যায় বলে আমরা ছাগল-ভেড়া পুষতে পারছি।’