কাঁঠালগাছ নিয়ে বিরোধ, পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
নরসিংদীর পলাশে কাঁঠালগাছ নিয়ে তর্কের একপর্যায়ে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের কালীবাড়ি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনকে আটক করা হয়েছে, অন্য দুজন পলাতক।
নিহত ব্যক্তির নাম নিরঞ্জন শীল (৬০)। তিনি পলাশের জিনারদী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত যতীন্দ্র শীলের ছেলে। স্থানীয় লোকজন জানান, একটি কাঁঠালগাছকে ঘিরে ঘটনার সূত্রপাত। ওই গাছের অবস্থান কালীমন্দির ও নিরঞ্জনের বাড়ির মাঝখানে। আগে গাছটি ছিল নিহতের বাড়ির সীমানায়। দুই বছর আগে মন্দির ও বাড়িটির সীমানা নিয়ে উভয় পক্ষই সমঝোতায় আসে। পরে সীমানাপ্রাচীর তুলে দেওয়া হলে কাঁঠালগাছটি মন্দিরের সীমানার ভেতরে চলে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ওই কাঁঠালগাছ থেকে একটি কাঁঠাল পাড়েন নিরঞ্জন শীল। এরপর মন্দিরের সীমানার কাঁঠাল পাড়া নিয়ে মন্দির কমিটিসংশ্লিষ্ট তিন ব্যক্তির সঙ্গে নিরঞ্জনের কথা–কাটাকাটি শুরু হয়। ওই তিন ব্যক্তি হলেন সুদীপ ব্যানার্জি, আশীষ চক্রবর্তী ও মানিক দাস। কথা–কাটাকাটির একপর্যায়ে নিরঞ্জন শীল তাঁদের গালিগালাজ শুরু করেন।
এরপর ওই তিনজন ক্ষিপ্ত হয়ে নিরঞ্জনকে মন্দিরের বাইরে এনে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় তাঁকে প্রচুর কিল–ঘুষি দেওয়ায় তাঁর কয়েকটি দাঁত ভেঙে যায়। এরপর নিরঞ্জন দুব৴ল হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আহত অবস্থায় তাঁকে বাড়িতে নিয়ে আসেন উপস্থিত লোকজন। ঘটনার তিন ঘণ্টা পরই নিরঞ্জন শীলের মৃত্যু হয়। নিরঞ্জনকে মারধরের হাত থেকে বাঁচানোর সময় ঝণ্টু বণিক নামের এক যুবকও আহত হন।
ঘটনার পর স্থানীয় থানা-পুলিশ, জিনারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ছেলে নিত্য শীল বলেন, ‘ঘটনার পর বাবা মারা গেছেন কি না, সেটি জানার জন্য মারধর করা ব্যক্তিদের মধ্যে সুদীপ ব্যানার্জি আমাদের বাড়িতে আসেন। ওই সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাঁকে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সুদীপ ব্যানার্জিকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত অন্য দুই ব্যক্তি পলাতক।