কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক মেরামতের দাবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত এলাকার সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বড়লেখার কাঁঠালতলী বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। মানববন্ধন শেষে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পরিবেশ ও বনমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পেশ করা হয়েছে। মানববন্ধনে মাধবকুণ্ডে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মৃত্যুরোধ, বেহাল সড়কের দ্রুত মেরামত ও সম্প্রসারণ এবং কাঁঠালতলী বাজার থেকে হাকালুকি হাওরের দশঘরি পর্যন্ত পর্যটন সড়ক নির্মাণের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোস্তাফা কামাল, সহসভাপতি রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, মাধবকুণ্ড সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক এনাম আহমদ প্রমুখ।