কাঁঠালবাগানে এক যুবকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গতকাল বুধবার কিরণ মিয়া (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পান্থপথে ‘মালেক স্টিল ফার্নিচার’ নামে একটি আসবাব তৈরির প্রতিষ্ঠানের মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, কিরণ কাঁঠালবাগান ঢালের একটি ভবনের পঞ্চম তলায় মেসে থাকতেন। এর পাশের বাসায় মালেক স্টিল ফার্নিচারের ব্যবস্থাপক সানু সপরিবারে থাকেন। কিরণ ওই বাসাতেই খেতেন। গতকাল বেলা একটার দিকে সানু প্রতিষ্ঠানের কর্মচারী জামাল ও দানিশকে মুঠোফোনে ডেকে বলেন, কিরণ আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কর্মচারীরা। সেখানে চিকিৎসক কিরণকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, কিরণের মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পারায় ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।