কাঁঠালবাগানে ক্ষতিগ্রস্ত ভবনের ফাটা দেয়াল ভেঙে ফেলা হয়েছে
কাঁঠালবাগানের ধসে পড়া সাততলা ভবন ভাঙার কাজ গতকাল শুক্রবারও পুরোদমে শুরু করা যায়নি। গতকাল সকাল থেকে রাজউকের লোকজন ব্যস্ত ছিলেন পার্শ্ববর্তী ১৬ তলা ভবনের ক্ষতিগ্রস্ত পাঁচতলা ভাঙার কাজে। ৭ নভেম্বর সাততলা ভবনটি হেলে পড়লে পাশের ১৬ তলা ভবনের পাঁচতলার দেয়ালে ফাটল ধরে।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাঁঠালবাগানে কাজ শুরু করে রাজউক। শ্রমিকদের সাহায্যে ১৬ তলার বিধ্বস্ত পাঁচতলার ফাটল ধরা দেয়ালটি ভাঙতেই দুপুর গড়িয়ে যায়। জুমার নামাজের জন্য মাঝে কিছু সময় বিরতি দেওয়া হয়।অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিক ও এলাকাবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে খুব ধীরে দেয়াল ভাঙার কাজ করতে হয়েছে। তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে মূল কাজে হাত দেওয়া হবে।দেয়াল সরানোর পর সেখান থেকে হেলে পড়া ভবনের ছাদে একটি সেতু তৈরির কাজ চলছিল গতকাল বিকেলে। খোপ খোপ আকৃতির সেতুর কাজ শেষ করার পর টাওয়ার ক্রেন দিয়ে সাততলার ছাদ ফুটো করা হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শক্রমে ভাঙার কাজ করছে রাজউক। এর আগে গত বৃহস্পতিবার বিশেষজ্ঞদের উপস্থিতিতে রাজউকের শ্রমিকেরা পরীক্ষামূলকভাবে ধসে পড়া ভবনের পানির টাঙ্কি ভাঙার কাজ করে। আজ শনিবার সকালে বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভাঙার কাজ পুরোপুরি শুরু হতে পারে বলে রাজউকের অথরাইজড কর্মকর্তা জানান।ধসে পড়া ভবনের ফ্ল্যাটের মালিকদের কয়েকজন গতকালও এলাকায় গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্ল্যাটের একজন মালিক প্রথম আলোকে বলেন, তিনি একটি কোম্পানি থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটের মূল্যের বড় অংশ পরিশোধ করেছেন। তিনি বলেন, তাঁর ফ্ল্যাট নেই, অথচ ঋণের সুধের টাকা পরিশোধ করে যেতে হবে।স্তম্ভ ধসে হেলে পড়া ভবনটির মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে নির্মাতাপ্রতিষ্ঠান ১৩টি ও জমির মালিক ১৪টি ফ্ল্যাট পাওয়ার কথা। নির্মাতাপ্রতিষ্ঠান তাদের ভাগের সবগুলো ও জমির মালিক একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাটের পাঁচজন মালিক নির্মাতাপ্রতিষ্ঠানকে পুরো টাকা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিয়েছেন।