কাঁঠালবাগানে ধসে পড়া ভবন ভাঙার কাজ আজ শুরু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে গত রোববার ধসে পড়া ভবনটি ভাঙার কাজ আজ বুধবার শুরু হতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। ধসে পড়া ভবন ভাঙার কাজ শুরুর কথা ছিল গতকাল। কিন্তু ভাঙার উপযুক্ত যন্ত্রপাতির অভাবে তা সম্ভব হয়নি। রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা জানিয়েছেন, আজ ভবন ভাঙার পরিকল্পনা থাকলেও পারিপার্শ্বিক কারণে নাও হতে পারে। সরু গলি দিয়ে ভারী যন্ত্রপাতি ভবনের কাছে নেওয়া সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত।রাজউক সূত্র জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে গতকাল আলোচনা করে ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজউক চেয়েছিল সিঁড়ি বা জানালাপথে শ্রমিকদের ভবনের ভেতরে পাঠিয়ে ভাঙার কাজ শুরু করতে। কিন্তু বুয়েট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ পদ্ধতিতে ভাঙা হলে শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পরে সিদ্ধান্ত হয়, বাইরে আলাদা সিঁড়ি (স্পেফোল্ডিং মেশিন) স্থাপন করে ভবনের ছাদ পর্যন্ত নেওয়া হবে। পরে টাওয়ার ক্রেনের মাধ্যমে ছাদ ফুটো করা হবে এবং স্টিট প্রুফিং ম্যাটেরিয়াল দিয়ে ভাঙা অংশ নিচে নামিয়ে আনা হবে। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান জানান, শ্রমিক ও পার্শ্ববর্তী ভবনগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গতকাল কাজ শুরু করা যায়নি।