কাঁঠালবাগানে পানি নেই, তাজমহল রোডে দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোনো কোনো এলাকায় পানি নেই। আবার কোনো এলাকায় পানি থাকলেও তাতে দুর্গন্ধ। এ নিয়ে দুর্ভোগে আছেন বাসিন্দারা। কাঁঠালবাগান এলাকায় চার দিন ধরে পানি নেই। তাজমহল রোডে দুর্গন্ধের জন্য পানি ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন বাসিন্দারা। একই অবস্থা নগরের আরও কিছু স্থানে।
কাঁঠালবাগানের ঢালে একটি ভাড়া বাসায় থাকেন অবিনাশ মণ্ডল। অফিস থেকে গত শনিবার রাতে বাসায় ফিরে তিনি দেখেন, হাতমুখ ধোয়ার মতো পানিও নেই। প্রথম আলোয় ফোন করে তিনি জানান, পানির জন্য রান্নাবান্না হয়নি। হোটেল থেকে খাবার আনতে হবে। এই অবস্থাতেই ছুটতে হলো তাঁকে। এমন সমস্যা এক দিনের জন্য হলে আলাদা কথা। কিন্তু মাঝে মাঝেই এমন সমস্যা হচ্ছে।
কাঁঠালবাগান বাজারের কাছে থাকেন বেসরকারি চাকরিজীবী শহীদুল্লাহ। তিনি বলেন, এলাকায় কেন পানি নেই, তা বোঝার উপায়ও নেই। ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে ফোন করার পর কোনো সদুত্তর পাওয়া যায়নি।
মোহাম্মদপুরের তাজমহল রোডে কিছু বাড়িতে কল খুললেই দুর্গন্ধময় ময়লা পানি আসছে। এ নিয়ে অসহনীয় যন্ত্রণায় রয়েছেন বাসিন্দারা। এলাকার প্রবীণ বাসিন্দা বোরহান আহমেদ বলেন, গরমে গোসল পর্যন্ত করার উপায় নেই। পানিতে মলমূত্রের গন্ধ। সম্ভবত পয়োনালার সঙ্গে কোথাও পানির লাইন যুক্ত হয়ে গেছে। অপর এক বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘ওই পানিতে গোসল করলে সারাক্ষণ অস্বস্তি লাগে। অন্য বাসায় গিয়ে গোসল করতে হয়।’
প্রায় চার মাস আগে থেকে এলাকায় এই সমস্যা। ওই সময়ে এলাকাবাসী ওয়াসায় অভিযোগ করার পর বিভিন্ন বাড়ির সামনে খোঁড়াখুঁড়ি করে দেখা হয়েছিল, কোন পথে ময়লা পানি আসছে। তখন কিছুদিনের জন্য সমস্যা মিটলেও আবার ময়লা পানি আসছে। চলমান দুর্ভোগ কবে মিটতে পারে—এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।
জানতে চাইলে স্থানীয় আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, তাজমহল রোডে এ রকম কোনো সমস্যার অভিযোগ তাঁরা পাননি। পানিতে দুর্গন্ধের কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার পূর্বাঞ্চলে মুগদা ও আশপাশের এলাকায়ও কোনো কোনো বাড়িতে পানি ময়লা ও দুর্গন্ধে ভরা। আবার দক্ষিণ মুগদার অনেক বাড়িতেই পানি সরবরাহ প্রায় বন্ধ বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গভীর রাতে পানি এলেও সে পানি বালতি বা হাঁড়িতে ভরতে না–ভরতেই শেষ হয়ে যায়।
আগে বাসায় ওয়াসার পানিতে মুখ ধুলে চোখ জ্বালা করত। এখন চর্মরোগ হচ্ছে। এলাকায় একাধিক গভীর নলকূপ আছে। তারপরও পানির কষ্ট। কালভার্ট রোডেও দুর্গন্ধময় পানি আসে বলে এলাকাবাসী জানান।
বাসাবো কদমতলায়ও একই অবস্থা। এলাকায় পানিতে দুর্গন্ধ বলে কদমতলা ক্লাব পানির পাম্পে দিনরাতে পানির পাত্রের লাইন পড়ছে। প্রাথমিক স্কুলের গলির বাসিন্দা আবদুর রহিম বলেন, পানি আনার সমস্যার জন্য তিনি প্রতিদিন পাঁচ লিটারের দুটি জারে পানি কিনছেন ২০ টাকায়। আবার বাসায় পানি ব্যবহারের জন্য বিলও দিতে হবে।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার খিলগাঁও কার্যালয় থেকে বলা হয়, মুগদা ও বাসাবোতে পানির পাইপলাইনে ফুটোর কারণে এলাকায় পানিতে দুর্গন্ধ হয়ে থাকতে পারে। অনেক বাড়িতে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপ ফুটো করে ফেলা হয়।