কাঁঠালবাগানে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগানে ঝুট ব্যবসায়ী রোকনউদ্দিন হত্যার ঘটনায় গতকাল রোববার এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানার পুলিশ।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মণ্ডল প্রথম আলোকে জানান, গতকাল রাতে তেজগাঁও এলাকা থেকে এই হত্যা মামলার প্রধান আসামি সাবুর অন্যতম সহযোগী জহিরকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।কলাবাগান থানার সূত্র জানায়, গত শুক্রবার রাতে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে সাবুসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ধানমন্ডির তালিকাভুক্ত সন্ত্রাসী গলাকাটা নাসিরের ভাই সাবু। কলাবাগানে তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হাতে রোকনউদ্দিন খুন হন। আসামি গ্রেপ্তারে থানার পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।গত শুক্রবার দুপুরে কাঁঠালবাগান এলাকায় একটি সিডির দোকানে ঢুকে দুই সন্ত্রাসী পোশাক কারখানার ঝুট ব্যবসায়ী রোকনউদ্দিনকে গুলি করে হত্যা করে। রোকনউদ্দিন ইট-বালুর ঠিকাদারি করতেন এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।