কাঁঠালবাগানে হেলে পড়া ভবন ভাঙার কাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগানের হেলে পড়া সাততলা ভবন ‘এশিয়ান হায়দার টাওয়ার’-এর ওপরের ছাদ ভাঙার কাজ গতকাল রোববার প্রায় শেষ করা হয়েছে। ঈদ উপলক্ষে মাঝে বিরতি ছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আবার পুরোদমে ভাঙার কাজ শুরু হয়। আধুনিক ও ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতুড়ি ও হস্তচালিত যন্ত্র দিয়ে ভাঙার কাজ করা হয়। ফ্ল্যাট-মালিকদের নিয়োজিত শ্রমিকেরাই গতকাল ভাঙার কাজ করেন। এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারজন কর্মী মোতায়েন ছিলেন। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য পার্শ্ববর্তী ১৬তলা নাসির টাওয়ারের একটি ফ্ল্যাটে ৩০ জনের মতো শ্রমিকের থাকার ব্যবস্থা করা হয়েছে। সাততলার পর ছয়তলা ভাঙার কাজ শুরু হবে। এ দুটি তলা ভাঙার পর ভবনটি অনেকটা ঝুঁকিমুক্ত হবে। ফ্ল্যাট-মালিক মনিরউদ্দিন বলেন, পুরো ভবন ভাঙতে কমপক্ষে এক মাস সময় লাগবে। এদিকে ভাঙার কাজ পুরোদমে চলায় আশপাশের বাড়ির অনেক বাসিন্দাই অন্যত্র সরে গেছেন। তাঁদের আশঙ্কা যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তবে রাজউকের অথরাইজড কর্মকর্তা বুয়েটের বিশেষজ্ঞ ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, পার্শ্ববর্তী বাড়িগুলো নিরাপদ রয়েছে। সেগুলোকে রক্ষা করার জন্যই খুব সাবধানে ছাদ থেকে ভাঙার কাজ শুরু করা হয়েছে।গত ৬ নভেম্বর রাতে সাততলা ভবনটি স্তম্ভ ভেঙে একদিকে হেলে পড়ে।