কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীর ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে দক্ষিণাঞ্চলের শহরমুখী মানুষের ভিড়। ছবিটি আজ শনিবার সকালে কাঁঠালবাড়ি বাস টার্মিনালের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে দক্ষিণাঞ্চলের শহরমুখী মানুষের ভিড়। ছবিটি আজ শনিবার সকালে কাঁঠালবাড়ি বাস টার্মিনালের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় বেড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। আজ শনিবার সকাল থেকে ফেরিতে যানবাহন এবং লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো। টিকিটের জন্য অনেক যাত্রীকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। ৪ জুলাই পর্যন্ত একাধিক ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভিড়। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভিড়। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

ইমরান হোসেন বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য কাজ করছেন। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, র‍্যাবের একাধিক দলও নিয়োজিত আছে ঘাট এলাকায়। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটগুলোর প্রতি আলাদা নজর রাখা হয়েছে, যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঈদের পর শহরমুখী মানুষের চাপে এ সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। যাত্রী ও যানবাহন পারাপারে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করে।