কাঁঠালবাড়ি ফেরিঘাটে ডুবেছে তিনটি পন্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে কাঁঠালবাড়ি ফেরিঘাটের তিনটি পন্টুন। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
মাদারীপুরের শিবচরে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে কাঁঠালবাড়ি ফেরিঘাটের তিনটি পন্টুন। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে কাঁঠালবাড়ি ফেরিঘাটের তিনটি পন্টুন। আজ শুক্রবার দুপুর থেকে পানির ব্যাপকতা আরও বাড়ছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী মানুষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানিয়েছে, পদ্মায় পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাট এলাকার চারটি পন্টুনের মধ্যে তিনটি তলিয়ে গেছে। এ ছাড়া পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ফলে দুই প্রান্তেই দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ বেড়েছে। পানিতে তলিয়ে যাওয়া পন্টুনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘ঘাটগুলো সংস্কার করা হলেও পানি বেড়ে যাওয়ায় অবস্থা খারাপ হয়েছে। আমরা একটি ঘাটের পন্টুন বালু ফেলে সামনের দিকে টেনে এনেছি। এখন একটি ঘাট দিয়েই যাত্রী পরিবহন ও ট্রাক পারাপার হচ্ছে। বাকি তিনটি ঘাট পানি থেকে সামনের দিকে টেনে আনতে কাজ শুরু হয়েছে।’