কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে গাড়ির সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র  স্রোতে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় ঘাটে গাড়ির সারি। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় ঘাটে গাড়ির সারি। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আজ শনিবার সকালে এই স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এই নৌরুটে চলাচলকারী যাত্রী ও চালকেরা।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের সূত্র জানায়, পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় নিয়ে বিকল্প চ্যানেল দিয়ে পারাপার হচ্ছে। ফলে বেলা যতই বাড়ছে, ঘাট এলাকায় দুই পারে ততই আটকে পড়ছে যানবাহন। ছোট–বড় দুই শতাধিক যানবাহন আটকে আছে ঘাটে। যাত্রীবাহী বাসগুলো আগে ছাড়া হচ্ছে। ফলে ট্রাকগুলো ঘাটে আটকা পড়ছে। নষ্ট হচ্ছে কাঁচামাল।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘তীব্র স্রোতের কারণে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’