কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তোলা ছবি। ছবি: অজয় কুন্ডু
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তোলা ছবি। ছবি: অজয় কুন্ডু

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌপথে টানা ১২ দিন ধরে দেখা দিয়েছে নাব্যতা-সংকট। এই সংকট নিরসনে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ একাধিক খননযন্ত্র বসিয়ে ড্রেজিং কাজ চলমান রাখলেও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ফলে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের দুর্ভোগের শঙ্কা রয়েছে। 

ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের আগেই পদ্মার নাব্যতা-সংকট নিরসন করা সম্ভব হবে। ঈদে ঘরে ফেরা মানুষের কথা চিন্তায় রেখে গত বুধবার থেকে কাঁঠালবাড়ি ঘাটে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী হাকিম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের একাধিক দল কাজ করছে।
যাত্রী ও চালকেরা বলছেন, প্রতিবছর এমন সময় নাব্যতা-সংকটের কারণে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পরিবহন ও ব্যক্তিগত গাড়ি পারাপারে সমস্যা দেখা দেয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। এর মধ্যে যদি বৈরী আবহাওয়া বিরাজ করে তাহলে দুর্ভোগ সীমা ছাড়িয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, পদ্মা নদীর শিমুলিয়া লৌহজং টার্নিং পয়েন্টে ১২ দিন ধরে দেখা দিয়েছে নাব্যতা-সংকট। নদীতে ড্রেজিং কাজ চলায় বুধবার রাত ১০টার দিকে এই নৌরুটে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর বৃহস্পতিবার সকাল আটটার দিকে এই নৌপথে চলাচলকারী ২০টি ফেরির মধ্যে ৫টি ছোট ফেরি চলছে। প্রয়োজনের তুলনায় খুবই কম ফেরি চলাচল করায় ঘাট এলাকায় আটকে আছে ৪ শতাধিক যানবাহন। তবে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের ট্রাককে অগ্রাধিকার দিয়ে ফেরি পার করা হচ্ছে।
চট্টগ্রামগামী ট্রাকের চালক মফিজুর হাওলাদার বলেন, ‘ঘাটের টার্মিনালে আটকা আছি। মনে হয় না ঈদে বাড়ি ফিরতে পারব। ঘাটের যে নাজেহাল অবস্থা তা নিয়ে আমরা সবাই কষ্টে আছি। ঘাটে বেকার বসে আছি। আমাদের কোনো আয় নেই, ঈদে ছেলেমেয়েদের কী কিনে দেব, তা নিয়েই ভাবছি।’
এই নৌপথের নিয়মিত যাত্রী ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘এই নৌপথে ফেরি তো চলছেই না। ঈদে যে কী হবে তা নিয়েই ভাবছি। যদি এমন পরিস্থিতি থাকে তবে বহু মানুষের কষ্টের কারণ হবে নাব্যতা-সংকট। কর্তৃপক্ষের উচিত ঈদ ঘিরে যেভাবেই হোক দ্রুত এর সমাধান করা।’
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, ‘কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নদীতে চায়না ড্রেজারসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।’
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাট সূত্র জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের লৌহজং চ্যানেলে নাব্যতা-সংকট কাটাতে সাতটি খননযন্ত্র কাজ করছে। চ্যানেল মুখে প্রায় ১০ লাখ ঘনমিটার পলি জমেছে। ইতিমধ্যে ৫ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। এই খননকাজ আগামী ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ফেরি চলাচলের জন্য চ্যানেল মুখে যতটুকু পানি থাকা প্রয়োজন, তা না থাকায় ফেরি ডুবোচরে আটকে যায়। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই চ্যানেলটি। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ঈদ মৌসুমে ঘরমুখী মানুষের চাপ সামলাতে নাব্যতা সমস্যা দ্রুত সমাধানের কাজ করা হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সজল নূর প্রথম আলোকে বলেন, ‘ঘাটের পরিস্থিতি নিয়ে আমরাও খুব চিন্তিত। সর্বক্ষণিক আমরা ঘাটের খোঁজখবর নিচ্ছি। ঈদ সামনে রেখে আমরা চাই ঘাটটি তার স্বাভাবিক রূপে ফিরে আসুক। যাত্রীদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের নির্বাহী হাকিমসহ পুলিশের একাধিক টিম ঘাট এলাকায় ঈদের আগে ও পরে টানা ১৭ দিন নিয়োজিত থাকবে।’