কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে শনিবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ড্রেজিংয়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন প্রথম আলোকে বলেন, ড্রেজিংয়ের জন্য শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৭টার পর আবার ফেরি চলাচল করবে।
এদিকে রাতে ফেরি চলাচল বন্ধ রাখায় এই নৌপথের উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফেরিতে উঠতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
এর আগে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছিল, চ্যানেলে সমস্যার কারণে ধারণ ক্ষমতার চেয়েও স্বল্প পরিসরে যানবাহন ফেরিতে তুলতে হচ্ছে। নাব্যতা সংকট থাকায় শনিবার সকাল থেকেই ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
এদিকে চ্যানেলে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বাড়তে শুরু করেছে লঞ্চ ও স্পিডবোটে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।