কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত, যাত্রীদের ভিড় লঞ্চ-স্পিডবোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় ভয়াবহ নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভিড় বাড়ছে লঞ্চ ও স্পিডবোটে। ছবি: প্রথম আলো
পদ্মায় ভয়াবহ নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভিড় বাড়ছে লঞ্চ ও স্পিডবোটে। ছবি: প্রথম আলো

পদ্মায় ভয়াবহ নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌপথে অধিকাংশ ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। এদিকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ ও স্পিডবোট চলাচল করায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, ১০ দিন ধরে পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সীমিত আকারে এই নৌপথে ফেরি চলাচল শুরু করে। যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের ট্রাকগুলোকে অগ্রাধিকার দিয়ে কে-টাইপ পাঁচ থেকে ছয়টি ফেরি দিয়ে পার করা হচ্ছে। অন্যদিকে, যাত্রীদের চাপ সামলাতে এ পথের তিনটি রো রো ফেরিসহ চারটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্থানান্তর করা হয়েছে। এই পরিস্থিতিতে ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। পাশাপাশি কাঁঠালবাড়ি টার্মিনালে ও ঘাটের সংযোগ সড়কগুলোয় লাইন ধরে আটকা পড়েছে পণ্যবাহী ছয় শতাধিক ট্রাক।

আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। লাইনে দাঁড়িয়ে থেকে বেশির ভাগ যাত্রীই লাইফ জ্যাকেট ছাড়াই পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। লঞ্চেও তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। অন্যদিকে, ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় আটকা থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের চালকেরা।

স্পিডবোটে ওঠার অপেক্ষায় যাত্রীরা। ছবি: প্রথম আলো
স্পিডবোটে ওঠার অপেক্ষায় যাত্রীরা। ছবি: প্রথম আলো

ঢাকাগামী যাত্রী জুলফিকার আহম্মেদ বলেন, ‘মাদারীপুর থেকে ঘাট পর্যন্ত বাসে আসি। তারপর ঘাটে কোনো ফেরি না পেয়ে স্পিডবোটের লাইনে দাঁড়াই। এখানে ভিড় বেশি। আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে স্পিডবোটে উঠতে হয়েছে। স্পিডবোটে তিনজনের সিটে চারজন করে বসানো হচ্ছে। ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে এভাবে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।’

ঢাকাগামী আরেক যাত্রী ইলিয়াস হোসেন বলেন, ‘মাঝপদ্মায় তীব্র স্রোত। তার মধ্যে লঞ্চের কোনো আসনেই বসার স্থান নেই। লঞ্চজুড়েই যাত্রীদের ভিড়। এক ঘণ্টা এই পথ দাঁড়িয়ে পাড়ি দিতে হয়েছে।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন মিয়া বলেন, ‘১০ দিন ধরে এই নৌপথে শিমুলিয়ার লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেয়। এরপরই ফেরিগুলো চলাচলে ব্যাঘাত ঘটে। প্রতিদিন পাঁচ-ছয়টি কে-টাইপের ফেরি ধারণ ক্ষমতার চেয়েও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ বেশি।’

পদ্মায় ভয়াবহ নাব্যতা সংকট থাকায় কাঁঠালবাড়ি ঘাটের সংযোগ সড়কগুলোয় দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। ছবি: প্রথম আলো
পদ্মায় ভয়াবহ নাব্যতা সংকট থাকায় কাঁঠালবাড়ি ঘাটের সংযোগ সড়কগুলোয় দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। ছবি: প্রথম আলো

নাব্যতা সংকট নিরসনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘১০ আগস্ট ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় নদীতে অস্বাভাবিক হারে স্রোত বেড়ে গেছে। অন্যদিকে, পদ্মা সেতুর পাইলিং ও উজানে ব্যাপক নদীভাঙনের কারণে চ্যানেলের মুখে পলি মাটি ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা নতুন করে তিনটি শক্তিশালী ড্রেজারসহ মোট সাতটি ড্রেজার বসিয়ে ড্রেজিংয়ের কাজ করছি। আশা করছি, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।’

এদিকে স্পিডবোটে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কাঁঠালবাড়ি ঘাটের স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘নদীতে নাব্যতা সংকট চলমান থাকলেও স্পিডবোট চলাচলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ফেরি চলাচল ব্যাহত থাকায় আমাদের স্পিডবোটগুলোয় যাত্রীদের চাপ তুলনামূলক একটু বেশি। তবে স্পিডবোট দুর্ঘটনা রোধে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি।’

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিকের পরিদর্শক উত্তম শর্মা বলেন, নদীতে নাব্যতা সংকট কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা রয়েছে। আশা করা যায়, ঈদের আগেই এই বৈরী পরিস্থিতি কেটে যাবে। ঘাট এলাকায় যানজট যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।