কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে যাত্রীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁঠালবাড়ি নৌরুটের ৩ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আজ বুধবার সকালে তোলা ছবি। ছবি: অজয় কুন্ডু
কাঁঠালবাড়ি নৌরুটের ৩ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আজ বুধবার সকালে তোলা ছবি। ছবি: অজয় কুন্ডু

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। আজ বুধবার সকাল থেকে এই নৌপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। অতিরিক্ত গাড়ির চাপে ঘাট এলাকায় তিন কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সরেজমিন দেখা যায়, ঈদে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে এবারও শিমুলিয়া ঘাটের পাশাপাশি পুরোনো কাওরাকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। ঈদে যানবাহনের চাপ থাকায় বন্ধ রয়েছে ট্রাক পারাপার। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো।

ঢাকা থেকে বরিশালগামী যাত্রী জুলকার নাইন বলেন, ‘কড়া রোদে দাঁড়িয়ে থাকা কষ্ট। তার মধ্যে প্রচুর পরিবহনের জ্যাম। এক দণ্ড পথ চলতে লাগে কয়েক মিনিট সময়। গন্তব্যে কখন যেতে পারব, তা একমাত্র আল্লাহ জানেন। তবু এবারের কোরবানির ঈদ পরিবারের সাথে কাটাব, এটাই অনেক আনন্দের।’

বাগেরহাট থেকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাকের চালক লতিফ আকন বলেন, ‘কোরবানির গরু নিয়ে ঢাকায় যাচ্ছি। ঘাটে এত যানজট থাকবে বুঝতে পারি নাই। কখন গরু হাটে নিয়ে যেতে পারব, তা নিয়ে চিন্তায় পড়েছি।’

শিমুলিয়া থেকে লঞ্চে কাওরাকান্দি আসা আরিফা ইসলাম বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতে থাকার পরও সাহস নিয়ে লঞ্চে উঠেছিলাম। এখানেও দেখি দাঁড়ানো জায়গা নাই। তবু আল্লাহর রহমতে পার হতে পেরেছি—এটাই বড় আনন্দ।’

আজ সকালে কাঁঠালবাড়িতে যাত্রীবাহী ও গরুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি। ছবি: অজয় কুন্ডু
আজ সকালে কাঁঠালবাড়িতে যাত্রীবাহী ও গরুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি। ছবি: অজয় কুন্ডু

বিআইডব্লিউটিসির সূত্র জানায়, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। এই নৌপথে ১৭টি ফেরি চললেও ঈদে আরও তিনটি ফেরি যোগ করায় এখন চলছে ২০টি ফেরি। এ ছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট নিয়মিত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে চলাচল করে। কোরবানির ঈদে ঢাকায় নেওয়ার জন্য গরুবোঝাই শতাধিক ট্রাক ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ঈদের যাত্রী সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোনো ধরনের অসুবিধা হওয়ামাত্রই ব্যবস্থা নেবে প্রশাসন।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের বিআইডব্লিউটিএর টার্মিনাল পরিদর্শক এ বি এস মাসুদ বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের সবাই তৎপর রয়েছে। নৌপুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এ ছাড়া কেউ যাতে অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, সেই ব্যাপারেও সতর্ক রয়েছে প্রশাসন।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, সকাল থেকে ঘরমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন এই চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।