কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার দিবাগত রাত একটা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে আবার ফেরি চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, পদ্মায় কুয়াশা বেড়ে গেলে রাত একটা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঘাট চালু হয়েছে। মাঝনদীতে আটকে পড়া ফেরিগুলো তীরে চলে এসেছে। ধীরে ধীরে যানজট কাটতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, গতকাল রাত ১০টার পর থেকে বাড়তে থাকে কুয়াশার তীব্রতা। এতে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত একটার দিকে কুয়াশা বেড়ে যায়। এতে ফেরিচালকেরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে পাচ্ছিলেন না। এ পরিস্থিতিতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়।