কাঁঠালবাড়ী গণহত্যা দিবস আজ, স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী গণহত্যা দিবস আজ ৯ জুন। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম শহর থেকে আট কিলোমিটার দূরে কাঁঠালবাড়ী বাজার ও আশপাশের ছয় গ্রামে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়ে ৩৫ জন নিরপরাধ বাঙালিকে হত্যা করে। সেই সঙ্গে লুটপাট ও আগুন দিয়ে এসব গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। দিবসটি পালনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী আজ শুক্রবার কালো পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
স্থানীয় প্রবীণ এবং ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ওই দিন সকালে পাকিস্তানি বাহিনী কাঁঠালবাড়ী বাজার তিন দিক দিয়ে ঘিরে ফেলে। আগুন ধরিয়ে দেয় বাজারসহ আশপাশের কয়েক গ্রামে। এতে বাজারের শতাধিক দোকান ও শিবরাম, সর্দারপাড়া, সন্ন্যাসী, ফকিরপাড়া, প্রামাণিকটারী, খামার গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে যায়। হত্যাযজ্ঞ চালানো হয়। এক দিনে শহীদ হন প্রামাণিকটারীর ফজল ব্যাপারী, আবুল কাসেম, সর্দারপাড়ার মন্তা, শিবরাম গ্রামের মন্তাজ আলী, আবদুল জলিল, জহুর আলী, ফকিরপাড়ার নুহ খন্দকার, প্রতাপের হাছিমুদ্দিন, হরিকেশের রজব আলী, ঘোপাটারীর জহুর উদ্দিন, রায়পুরের ঘেচু মামুদ, মাদ্রাসার ছাত্র শাহাদৎসহ ৩৫ জন।
স্থানীয় দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী শহীদদের কিছু নাম সংগ্রহ এবং স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ছোট একটি স্মৃতিসৌধ এখানে নির্মিত হলেও আজও সরকারি উদ্যোগে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, দুস্থ শহীদ পরিবারের পুনর্বাসন ও শহীদদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি।
মুক্তিযোদ্ধা সংসদ কাঁঠালবাড়ী ইউনিয়ন কমান্ডের কমান্ডার আবদুল আউয়াল গণহত্যার স্মৃতি ধরে রাখতে সরকারিভাবে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।