কাঁঠালবাড়ী ঘাট থেকে ওঠা ৩৫ জনও নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান হীরা, ছোট বোন লুৎফা রহমান স্বর্ণা এবং ভায়রার মেয়ে লাকী বেগমকে নিয়ে নুরুল হক হাওলাদার পিনাক-৬ লঞ্চে ঢাকায় ফিরছিলেন। লঞ্চ ডুবে গেলে নুরুল হক তীরে উঠতে সক্ষম হন। তাঁদের বাড়ি শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। তাঁরা শিবচরের কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চটিতে ওঠেন। পরে নুসরাতের লাশ উদ্ধার হয়। লুৎফা ও লাকীর কোনো খোঁজ মেলেনি।
ঘাট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে সকাল সাড়ে নয়টার সময় আড়াই শর বেশি যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশে পিনাক-৬ লঞ্চটি যাত্রা শুরু করে। পথে কাঁঠালবাড়ী ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী ওঠানো হয়। এঁদের অনেকেরই এখন খোঁজ মিলছে না।
শিবচরের কুতুবপুর ইউনিয়নের হাজি কালু মুনশিকান্দি গ্রামের আয়শা বেগম (৩০) তাঁর ছেলে আবদুল্লা (৬) ও বোনের ছেলে আবু সিদ্দিকীকে (১৮) নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। কাঁঠালবাড়ী ঘাট থেকে তাঁরা লঞ্চে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আয়শা বেগমের মা মিরঝুনি বেগম কাঁঠালবাড়ী ঘাটে বসে বিলাপ করছিলেন।
মিরঝুনি বেগম প্রথম আলোকে বলেন, ‘সকালে নাশতা খাইয়া তারা বাড়ি থাইকা বাইর হয়। তাদের লঞ্চে তুইলা দিয়া আমি বাড়ি গিয়াই দুর্ঘটনার খবর পাই। তোমরা আমার বুকের মানিকদের আইনা দাও। আল্লাহ যেন তাদের সুস্থ ফিরাইয়া দেয়।’
লঞ্চ থেকে উদ্ধার হওয়া যাত্রী ইব্রাহিম খলিল বলেন, লঞ্চটিতে তিন শর মতো যাত্রী ছিল। পৌনে ১১টার দিকে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় লঞ্চের ভিতরে পানি ঢুকে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেয়। তখন লঞ্চটি কাত হয়ে যায়। পরে ডুবে যায়। তিনি বলেন, ঘাটের কাছাকাছি হওয়ায় কয়েকটি সি-বোটে ৪০-৫০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে। প্রচণ্ড স্রোতের কারণে অনেক যাত্রী ভেসে গেছে।
সোমবার দুপুরে কাঁঠালবাড়ী ঘাটে গিয়ে এসব মানুষের সঙ্গে কথা হয়। নদীর তীরে শত শত মানুষের ভিড়। অনেকে ব্যক্তিগত উদ্যোগে ট্রলার ও লঞ্চ ভাড়া করে স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনার পরপরই মাওয়া-কাওড়াকান্দি, মাওয়া-মঙ্গলমাঝির ঘাট নৌপথে লঞ্চ বন্ধ হয়ে যায়। তবে শরীয়তপুরের জেলা প্রশাসনের উদ্যোগে বেলা তিনটায় লঞ্চ চলাচল শুরু হয়।
কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ইজারাদারের ব্যবস্থাপক মোতালেব ব্যাপারী বলেন, ‘লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকায় এ ঘাটের যাত্রীদের লঞ্চে উঠতে বারণ করেছিলাম। তার পরও ৩০-৩৫ জন যাত্রী উঠেছিল। তাদের অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, কাঁঠালবাড়ী ঘাট দিয়ে শরীয়তপুরের জাজিরার কিছু এলাকার মানুষ যাতায়াত করে। তবে এখানকার কোনো মানুষ নিখোঁজ থাকার খবর এখনো পাওয়া যায়নি।