কাঁঠালিয়া থেকে অপহৃত শিশু বরগুনায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া থেকে অপহৃত এক শিশুকে বরগুনার বেতাগী উপজেলার বদলিখালী খেয়াঘাট থেকে উদ্ধার করেছে র্যা ব। এ সময় ওই শিশুকে অপহরণের অভিযোগে জুয়েল হাওলাদার (২৭) ও সুজন হাওলাদার (২৮) নামের দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুই অপহরণকারীর বাড়ি বরগুনার বামনা উপজেলায়।
র্যা ব জানায়, গত রোববার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের পূর্বপাড়া এলাকার বাড়ির সামনে থেকে প্রবাসী কামাল হোসেনের সাড়ে তিন বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল নাফিসকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ বাবদ নাফিসের বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় গত সোমবার অপহৃত শিশুর মা এনি আক্তার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা করেন এবং একই সঙ্গে র্যা র-৮-এর কাছে লিখিত আবেদন করেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলিতে র্যা ব-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যা বের উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন তাঁরা। গতকাল ভোর পাঁচটার দিকে র্যা ব বরগুনার বদলিখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে।
আটক দুজন জিজ্ঞাসাবাদে নাফিসকে অপহরণ করে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে। আটক দুই অপহরণকারীকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।