কাঁঠালিয়া থানার ওসির বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে উপজেলার উত্তর চড়াইল গ্রামে বিরোধপূর্ণ ৫০ শতাংশ জমি দখলে আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আলম মীর নামের এক নির্মাণশ্রমিক এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলম মীর বলেন, কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল মৌজার ২০১ নম্বর এসএ খতিয়ানের ১৮ নম্বর দাগের ১০৯ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে তাঁর (আলম মীর) সঙ্গে প্রতিবেশী আব্দুল হাকিমের বিরোধ চলছে। ২০১৩ সালে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটার অভিযোগে আব্দুল হাকিমের নামে আলম মীর আদালতে মামলা দায়ের করেন। গত ২৭ জুন আলম মীর ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে স্থিতিবস্থা বজায় রাখার আবেদন করেন। আদালত জমির ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। বিষয়টি টের পেয়ে রাতের আঁধারে আব্দুল হাকিম জমি দখল করে পাকা ভবন নির্মাণের চেষ্টা চালান। আলম মীর গত ২৫ জুলাই আব্দুল হাকিমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এরপর আলম মীর ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার কাছে গিয়ে সহযোগিতা চান। পুলিশ সুপার জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুলকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেন। আব্দুল মান্নান রসুল দুই পক্ষে চারজন আইনজীবীকে নিয়ে সালিস করার সিদ্ধান্ত নেন। কিন্তু গত রোববার বিকেলে আব্দুল হাকিম জমি দখল করে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে কাঁঠালিয়া থানার ওসি মো. জাহিদ হোসেন নিজে দাঁড়িয়ে থেকে আব্দুল হাকিমকে জমি দখল ও পাকা ভবন নির্মাণে সহযোগিতা করছেন। এ ঘটনায় আলম মীর সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে পূর্বের দায়েরকৃত মামলার বিবরণ দিয়ে কাঁঠালিয়া থানার ওসির নামে জমি দখল ও ভবন নির্মাণে সহযোগিতার লিখিত অভিযোগ করেন। আদালতের বিচারক রমণী রঞ্জন চাকমা ১৩ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমাদের কাছে ৫০ শতাংশ জমির বৈধ কাগজপত্র আছে। এত দিন এই জমি বেদখলে ছিল। আমাদের জমিতে আমরা বাড়ি নির্মাণ করছি।’
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষ এড়াতে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যাদের বৈধ কাগজপত্র আছে, তারাই ভবন নির্মাণের কাজ করছে। এখানে আদালতের নির্দেশ অমান্যের কিছু হয়নি।’