কাঁঠালিয়ায় ট্রাক পার হওয়ার সময় ধসে পড়ল সেতু
মালবাহী ট্রাক পার হওয়ার সময় গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী-বান্ধাঘাটা সড়কের কেরানিবাড়ি খালের ওপর নির্মিত লোহার সেতুটির একাংশ ধসে পড়েছে। এতে উপজেলা সদরের সঙ্গে স্থানীয় সাত গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঝালকাঠি থেকে মুদি পণ্যবাহী একটি ট্রাক কৈখালী যাচ্ছিল। রাত ১১টার দিকে উত্তর চেচঁরী গ্রামের কেরানিবাড়ি খালের সেতুটি পার হওয়ার সময় সেতুটির একাংশ ধসে পড়ে। তবে এ সময় ট্রাকটি নিরাপদে সেতু পার হওয়ায় কেউ হতাহত হয়নি। সেতুটি ধসে পড়ায় উত্তর চেচঁরী, পশ্চিম চেচঁরী, বানাই, কৈখালী, কালিশঙ্কর, মহিষকান্দি ও রামপুরা গ্রামের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাত গ্রামের ২০ হাজার মানুষ।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ৫০ ফুট দৈর্ঘ্যের সেতুটির পূর্ব প্রান্তে প্রায় ১৫ ফুট জায়গাজুড়ে সেতুর পাটাতন ধসে পড়েছে। সেতুটির ধসে যাওয়া অংশে সুপারিগাছ দিয়ে সাঁকো তৈরি করে মানুষ চলাচল করছে।
উত্তর চেচঁরী গ্রামের বাসিন্দা সেলিম খান বলেন, সেতুটি দিয়ে মোটরসাইকেল বা রিকশায় মানুষ যাতায়াত করার সময় সেটি দুলত। বিকল্প যাতায়াতের ব্যবস্থা না থাকায় মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করত।
উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ফরাজি বলেন, সড়ক ও জনপথ বিভাগ এক যুগ আগে লোহার সেতুটি নির্মাণ করে। নির্মাণের পর পাঁচ-ছয় বছরের মধ্যে সেতুটি নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সেতুটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমানের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।