কাঁঠালিয়ায় সেতু ভেঙে পড়ে আছে পাঁচ বছর

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই মহিষকান্দি বাকের খালের ওপর লোহার সেতুটি প্রায় পাঁচ বছর আগে ভেঙে পড়ে। কিন্তু সেখানে আর নতুন সেতু নির্মাণ করা হয়নি। এতে বানাইয়ের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে এলজিইডি উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই মহিষকান্দি বাকের খালের ওপর ১৩৪ ফুট দৈর্ঘ্যের লোহার সেতু নির্মাণ করে। ১৯৯৮ সালে সেখানকার সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় চলে যাওয়ায় সেতুটির দেখভালের দায়িত্ব পায় সংস্থাটি। ২০১২ সালের ৭ সেপ্টেম্বর কাঠবোঝাই ট্রলারের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে। এতে এই এলাকার সঙ্গে ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন সেতুর পাশে খেয়ানৌকায় পার হন। তখন থেকে কাঁঠালিয়ার তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, বানাই স্কুল অ্যান্ড কলেজ, বানাই বালিকা বিদ্যালয়সহ ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এদিকে ধসে পড়া সেতুর অংশবিশেষ খালের মধ্যে পড়ে আছে। এতে নৌপথেও যোগাযোগ ব্যাহত হচ্ছে। নৌকা, ট্রলার ও লঞ্চ চলাচলে বিঘ্নœঘটছে।
স্থানীয় স্কুলশিক্ষক বজলুর রশীদ খান বলেন, দীর্ঘদিন পরও নতুন সেতু নির্মাণ করা হয়নি। তাঁকে ২০ কিলোমিটার ঘুরে ভান্ডারিয়া হয়ে কাঁঠালিয়া শিক্ষা কার্যালয়ে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটিই অপচয় হচ্ছে।
চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী বলেন, ‘নতুন সেতু নির্মাণের জন্য এলজিইডি ও সওজের প্রকৌশলীদের সঙ্গে বহুবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় পুলিশের টহল গাড়ি নিয়ে বানাই পশ্চিম চেঁচরী, বায়েলাবুনিয়া, কালিশংকর এলাকায় যাওয়া সম্ভব হয় না। এতে আইনশৃঙ্খলা রক্ষার কাজ ব্যাহত হচ্ছে।
ঝালকাঠি সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, সেতুটি নির্মাণের প্রাক্কলন এবং নকশা চূড়ান্ত করে গত অর্থবছরে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।