কাঁঠালে রাসায়নিক দিতে শিশুপুত্রকে ব্যবহার, কারাদণ্ড
আড়তে রাখা কাঁঠালে রাসায়নিক পদার্থ দেওয়া এবং এ কাজে শিশুপুত্রকে ব্যবহার করায় ওই শিশুর পিতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘাটাইল থানা পুলিশ জানায়, উপজেলার মূলবাড়ি গ্রামের বাসিন্দা বকুল হোসেনের (৪০) আড়তে রাখা কাঁঠালে গতকাল দুপুরে রাসায়নিক প্রয়োগ করছিল তাঁর শিশুপুত্র। বিষয়টি নজরে আসে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নানের। তিনি ইউএনও মোহাম্মদ কামাল হোসেনকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। ইউএনও ঘটনার সত্যতা পেয়ে শিশুটির পিতা কাঁঠালের আড়তদার বকুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর বকুলকে ঘাটাইল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাসায়নিক প্রয়োগের যন্ত্রপাতি ও কাঁঠাল জব্দ করেছে।ইউএনও কামাল হোসেন বলেন, ‘বকুল তাঁর সন্তানের কচি হাত ব্যবহার করে মানুষের ক্ষতি করছে। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না।’