কাঁঠালেও ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আম নয়, কাঁঠালেও বিষাক্ত ফরমালিন মেশানো হয়৷ এই অপরাধে পাইকারি এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে ওই সাজা দেওয়া হয়৷
সাজা পাওয়া ব্যক্তির নাম মানিক মোল্লা (৫৫)৷ তাঁর বাড়ি মাদারীপুর জেলা সদরের ঝিকড়হাটি গ্রামে৷
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন প্রথম আলোকে জানান, মানিক মোল্লা শ্রীপুরের হাট শ্রীকোল গ্রাম থেকে গতকাল কাঁঠাল ও কলা কেনেন৷ এরপর ওই সব ফলে ফরমালিন মিশিয়ে ঢাকাসহ অন্য এলাকায় বাজারজাত করতে নিয়ে যাচ্ছিলেন৷ খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে ফলভর্তি ট্রাকসহ মানিক মোল্লাকে আটক করে৷ পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়৷ নির্বাহী হাকিম ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান ফরমালিন মেশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন৷ পরে ওই ফল ধ্বংস করা হয়৷
ফরিদপুর অফিস জানায়, শহরের তিনটি বাজারে গতকাল ফরমালিনবিরোধী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি৷ আমে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়ায় তারা ১৪টি দোকানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করে৷