কাঁঠালেও রাসায়নিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি বাজারগুলো কাঁঠালে ভরে উঠেছে। বাজারের আনাচকানাচে উঁচু উঁচু কাঁঠালের স্তূপ। এই সুস্বাদু জাতীয় ফলটি পাকাতেও এখন তরল রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, কৃত্রিমভাবে পাকানো কাঁঠাল খেলে পাকস্থলীতে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সরেজমিনে উপজেলার গারোবাজার গিয়ে কাঁঠালের স্তূপের ওপর দুই ব্যক্তিকে তরল রাসায়নিক প্রয়োগ করতে দেখা যায়। তাঁরা কী করছেন, জানতে চাইলে আবদুর রহমান নামের একজন বলেন, ‘মেডিসিন দিচ্ছি, যাতে কাঁঠালগুলো তাড়াতাড়ি পাকে।’ এভাবে পাকানো কাঁঠাল খেলে শরীরের ক্ষতি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলতে পারব না। মালিক দিতে বলেছে তাই দিই।’জোড়দিঘী, আষাঢ়িয়াচালা, ধলাপাড়া, ছনখোলা, রামদেবপুর, চাপড়ি বাজারে গিয়ে কাঁঠালে রাসায়নিক তরল প্রয়োগ করতে দেখা গেছে। এক ধরণের বোতলজাত দ্রবণ কিনে কাঁচা কাঁঠালে ব্যবহার করা হচ্ছে। বোতলের গায়ে লেখা রয়েছে, ক্যালসিয়াম কার্বাইড, কপার সালফাইড, পটাশের তরল দ্রবণ, কার্বনের ধোঁয়া ও ইথরেল। প্রতিটি বাজারেই এসব রাসায়নিক তরল বিক্রির দোকান গড়ে উঠেছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম তালুকদার জানান, ‘এসব কাঁঠাল খেলে আমাদের শরীর ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষভাবে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। গারোবাজার, সাগরদীঘি, জোড়দীঘি, আষাঢ়িয়াচালা, রামদেব-পুর, শহর গোপিনপুর, ধলাপাড়া, দেওপাড়া, দেলুটিয়া, ছোনখোলা, চাপড়ি, পেচারআটা, মাকড়াই, কুশারিয়া বাজার থেকে প্রতি হাটের দিনে কমপক্ষে এক শ ট্রাক কাঁঠাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এসব বাজারে কমপক্ষে ৫০টি দোকানে রাসায়নিক তরল বিক্রি হয়। শুধু গারোবাজারেই ১০টি দোকান রয়েছে। এখানকার ব্যবসায়ী জায়েদ আলী জানান, ঢাকার কোম্পানিগুলো সরাসরি বাজারে এসে বোতলজাত রাসায়নিক দিয়ে যায়। কাঁঠাল ব্যবসায়ীরা বোতল কিনে পানিতে মিশিয়ে প্রয়োগ করেন। ছনখোলা বাজারের ব্যবসায়ী আজিজুর বলেন, ‘অধিক লাভের আশায় ব্যবসায়ীরা কচি কাঁঠাল পাকাতে এসব মেডিসিন ব্যবহার করছেন।’গারোবাজারে কাঁঠালের আড়ত রয়েছে ২০টি। এর একটি আরতের মালিক আতাব আলী বলেন, ‘মেডিসিন ব্যবহার করা হয় না—এ ধরনের কোনো আড়ত গারোবাজারে নেই। আমরা বাধ্য হয়ে মেডিসিন ব্যবহার করি। কারণ, একবারে সব কাঁঠাল না পাকলে মহাজনেরা তা কিনতে চান না।’ আরও দুই আড়তের মালিক হেলালুর রহমান খান ও আবদুল আজিজ এর সঙ্গে একমত পোষণ করেন।এভাবে পাকালে কাঁঠালের স্বাদ কমে যায় বলে ছনখোলা গ্রামের কাঁঠালচাষি আবদুল মালেক জানান। একসঙ্গে পাকানোর জন্য তিনি রাসায়নিক তরল ব্যবহার করেন বলে জানান। তিনি আরও বলেন, রাসায়নিক প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে কাঁচা কাঁঠাল পেকে যায়। ঘাটাইল কলেজমোড় এলাকার কলেজশিক্ষক আমিনুল ইসলাম জানান, এভাবে পাকানো কাঁঠাল খেতেও বিস্বাদ লাগে।