রোগী মাত্র তিনজন। তা-ও তাঁরা আসেন মাসে একবার করে। তাঁদের জন্য সারা মাস ধরে অপেক্ষা করেন সাতজন চিকিৎসক ও দুজন ফিজিওথেরাপিস্ট। কাজ নেই; তাই কার্যালয়ে বসেই কেউ কাঁথা সেলাই করছেন, কেউ কম্পিউটারের সামনে বসে আছেন, কেউ আড্ডা দিচ্ছেন। এমন একটি সরকারি চিকিৎসাকেন্দ্র রয়েছে রাজশাহীতে। এটির নাম ‘রাজশাহী কুষ্ঠ নিয়ন্ত্রণ কেন্দ্র’।
গ্রামের বিভিন্ন হাসপাতাল থেকে প্রেষণে বদলি হয়ে বা সংযুক্ত হয়ে শহরের এই চিকিৎসাকেন্দ্রে এসে অলস সময় পার করছেন এসব চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে পরিচালিত এমন আরও কয়েকটি চিকিৎসাকেন্দ্র ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, যে কজন চিকিৎসক সেখানে অবশিষ্ট রয়েছেন, তাঁরা রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় গ্রামের মানুষও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে রাজশাহী শহরে প্রেষণে বদলি হয়ে আসা এ রকম চিকিৎসকের সংখ্যা ৩৮। একইভাবে রয়েছেন কিছু স্বাস্থ্য সহকারী ও টেকনিশিয়ান। এই চিকিৎসকদের বেশির ভাগই ৩৩তম বিসিএস থেকে আসা। নিয়ম অনুযায়ী তাঁদের ন্যূনতম দুই বছর গ্রামে থাকার কথা। এ জন্য রাজশাহীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব চিকিৎসককে বদলি করা হয়েছিল। তাঁরা সেখান থেকে প্রেষণে বদলি হয়ে অথবা কাজের কোনো চাপ নেই শহরের এ রকম সব প্রতিষ্ঠানে সংযুক্ত হয়ে রয়েছেন। সূত্রমতে, জেলার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটজন; বাঘা, দুর্গাপুর, তানোর ও পবা থেকে ছয়জন করে; পুঠিয়া থেকে তিনজন; বাগমারা থেকে দুজন ও মোহনপুর থেকে একজন চিকিৎসক এভাবে শহরে বদলি বা সংযুক্তি নিয়ে রয়েছেন।
রাজশাহী কুষ্ঠ নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি চিকিৎসকের ও তিনটি কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসক রয়েছেন সাতজন, ফিজিওথেরাপিস্ট রয়েছেন দুজন। ২৭ মার্চ সেখানে গিয়ে দেখা যায়, একজন ফিজিওথেরাপিস্ট তাঁর কার্যালয়ে বসে কাঁথা সেলাই করছেন। এক প্রশ্নের জবাবে ওই ফিজিওথেরাপিস্ট বলেন, ‘কাজ নেই, তাই কাঁথা সেলাই করছি।’ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শারমিন সুলতানা কাবেরী আসেননি। তাঁর টেবিলে দুজন চিকিৎসককে পাওয়া গেল। তাঁদের একজন ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে আছেন। অপরজন বই খুলে বসে আছেন। অপর একটি কক্ষে আরেকজন চিকিৎসককে পাওয়া গেল, তিনিও বই খুলে বসে আছেন। একটু আগেই অন্য একটি কক্ষে তাঁদের চা পান করতে ও আড্ডায় মশগুল থাকতে দেখা গেছে।
চিকিৎসাকেন্দ্রের নথি ঘেঁটে দেখা গেল, মাত্র তিনজন রোগী এই কেন্দ্র থেকে চিকিৎসা নেন। তাঁরা মাসে একবার করে আসেন। তাঁদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি সর্বশেষ চিকিৎসা নিয়ে গেছেন রোগী মাসুদ পারভেজ। চলতি মাসে (মার্চ) নতুন দুজন রোগী চিকিৎসা নিয়েছেন। তার আগ পর্যন্ত মাসুদ পারভেজই একমাত্র রোগী ছিলেন। নতুন দুজন রোগী হলেন রাবেয়া খাতুন ও লাবিবা খাতুন। তবে কর্মচারীরা দাবি করেছেন, ‘কুষ্ঠ রোগী ছাড়া অন্য রোগীরা এলেও স্যারেরা প্রেসক্রিপশন করে দেন। এ মাসে এ রকম ১২ জন রোগী এসেছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শারমিন সুলতানা কাবেরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসকের দুটি, দুটি টেকনিশিয়ান, একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও একটি ফার্মাসিস্টের পদ রয়েছে। অথচ সেখানে চিকিৎসক ও টেকনিশিয়ান রয়েছেন চারজন করে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট দুজন ও ফার্মাসিস্ট রয়েছেন ছয়জন।
রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়েও অতিরিক্ত দুজন চিকিৎসক প্রেষণে রয়েছেন। নগরের শিরোইল আরবান ডিসপেনসারিতে চিকিৎসকের তিনটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন পাঁচজন, দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিপরীতে রয়েছেন তিনজন এবং একজন ফার্মাসিস্টের জায়গায় রয়েছেন দুজন। রাজশাহী বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকের জায়গায় কাজ করছেন দুজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোনো পদ না থাকলেও কাজ করছেন একজন এবং ফার্মাসিস্টের একটি পদ থাকলেও কাজ করছেন দুজন।
কথা বলার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে ডেপুটি সিভিল সার্জন ফারহানা হক বলেন, পদের বিপরীতে তাঁরা আসেননি। যাঁদের জোর আছে তাঁরা পদ না থাকলেও থাকতে পারেন। এ ব্যাপারে তিনি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার এ বিষয়গুলো সিভিল সার্জন তাঁকে জানিয়েছেন। তাঁরা মন্ত্রণালয় থেকে আদেশ নিয়ে আসছেন। নগরের শিরোইল আরবান ডিসপেনসারিতে বাঘার একজন চিকিৎসক দেড় বছর ধরে এভাবে ছিলেন। তিনি অফিস করেন না। বিভাগীয় পরিচালক আরও বলেন, তিনি ও সিভিল সার্জন গিয়ে ওই চিকিৎসককে কার্যালয়ে পাননি। তাঁর প্রেষণ আদেশ বদলে বাঘায় পাঠিয়ে দিয়েছেন। এ জন্য ওই চিকিৎসক ১৭ জন চিকিৎসককে নিয়ে তাঁকে হুমকি দিতে এসেছিলেন। তবু তিনি ছাড়েননি। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন।