কাঁথার ওমে বাগডাশের চারটি ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে উদ্ধার করা বাগডাশের চারটি ছানা। গতকাল দুপুরে বন্য প্রাণী গবেষক তানিয়া খানের বাসা থেকে তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারে উদ্ধার করা বাগডাশের চারটি ছানা। গতকাল দুপুরে বন্য প্রাণী গবেষক তানিয়া খানের বাসা থেকে তোলা ছবি l প্রথম আলো

কাঠের বাক্সের ভেতর সামান্য আলো পড়তেই পিটপিট করা চোখ মেলে তাকায় বাগডাশের ছানাগুলো। চারটি। বাক্সের ভেতর কাঁথার ওমের মধ্যে জড়াজড়ি করে শুয়ে ছিল তারা। এক সপ্তাহ ধরে মৌলভীবাজারের সোনাপুর এলাকায় বন্য প্রাণী গবেষক তানিয়া খানের যত্ন আত্তিতে লালিত-পালিত হচ্ছে এই ছানারা।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারে অবস্থিত বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সিলেটের নাজিরবাজার এলাকার সাধুগ্রাম থেকে বাগডাশের চারটি ছানা উদ্ধার করে নিয়ে আসে তারা। সাধুগ্রামের একটি কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় স্থানীয় লোকজন ছানাগুলো ধরে ফেলেন। গ্রামের কয়েকটি শিশু ছানাগুলো নিয়ে খেলা করছিল। গ্রামের বাসিন্দা আবদুল মতিন তা দেখে স্থানীয় প্রশাসনকে জানান। পরে স্থানীয় প্রশাসন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও
প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে বন্য প্রাণী বিভাগ ছানাগুলো উদ্ধার করে নিয়ে আসে। ছানাগুলো উদ্ধারের সময় বন্য প্রাণী বিভাগের সঙ্গে তানিয়া খানও ছিলেন। উদ্ধারের পর ছোট ছানাগুলোকে সেবাযত্নে লালন-পালনের জন্য তাঁর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বন্য প্রাণী গবেষক তানিয়া খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘চারটির মধ্যে তিনটি ছানাই খুব দুর্বল ছিল। প্রথম দিন ছানাদের ল্যাকটোজেন-ওয়ান ও ওরস্যালাইন খাওয়ানো হয়েছে। তৃতীয় দিন থেকে কলা, দুধ ও ডিম পর্যায়ক্রমে খাওয়ানো হচ্ছে। দু-এক দিনের মধ্যে মাংস খাওয়ানোর চেষ্টা করব।’ তিনি জানান, এখন চারটির মধ্যে দুটির অবস্থা মোটামুটি ভালো। বাকি দুটির মধ্যে একটি এখনো আশঙ্কামুক্ত না। বাগডাশের বাচ্চাগুলো ঠান্ডা সহ্য করতে পারে না। বাতাস লাগলেই কাঁপতে থাকে। তাই উষ্ণতা দিতে বাক্সের ওপরে গরম পানির ব্যাগ রাখা হয়েছে। বাক্সের ভেতরে শুকনো খড়ের ওপর বিছিয়ে দেওয়া হয়েছে কাঁথা, যাতে ঠান্ডা না লাগে।

 বাগডাশ মূলত মাংসাশী। তবে ফলমূলও খেয়ে থাকে। বাগডাশের গায়ের রং হালকা বাদামি। গলা ও লেজে সাদা ডোরাকাটা দাগ আছে। লেজ তুলনামূলক ছোট। এরা লম্বায় সাধারণত তিন থেকে সাড়ে তিন ফুট হয়। লেজ প্রায় ১৩ ইঞ্চি এবং ওজন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা মাটিতে গর্ত করে বাসা বানিয়ে থাকে।

এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Viverra zibetha. ইংরেজিতে বলে ‘লার্জ ইন্ডিয়ান সিভেট’ এবং বাংলায় বাগডাশ, ভাম অথবা ভাম বিড়াল, গন্ধগোকুল অথবা খাটাশ বলা হয়ে থাকে। আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) থেকে প্রকাশিত রেড লিস্ট গ্রন্থে এটিকে প্রায় বিপন্ন প্রাণীর পর্যায়ে রাখা হয়েছে। বাংলাদেশেও এটি বিপন্ন প্রাণীদের মধ্যে একটি। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামে এদের বসবাস আছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দে গতকাল প্রথম আলোকে বলেন, ‘তানিয়া খান এগুলোকে মাতৃস্নেহে লালনপালন করছেন। মাসখানেক এদের পর্যবেক্ষণে রাখব। শিকার-টিকার শেখানো হবে। বড় হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।’