কাঁদছে নূর সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা শিশু নুর সাহারা  l ছবি: এএফপি
রোহিঙ্গা শিশু নুর সাহারা l ছবি: এএফপি

‘মিয়ানমারের সৈন্যরা সাহারার বাবা আজিজুল হককে ধরে নিয়ে হত্যা করে। সে সময় প্রাণে বাঁচতে রোহিঙ্গারা দিগ্বিদিক ছুটতে থাকে। এরই একপর্যায়ে সাহারার মা হারিয়ে যান। গ্রাম ছেড়ে পালানোর সময় দেখি সাহারা দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তখন তাকে আমাদের সঙ্গে করে নিয়ে এলাম। এখানেও সারাক্ষণ সে মা-বাবার জন্য কান্নাকাটি করছে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যের ভাগ্যবিড়ম্বিত শিশু নূর সাহারা সম্পর্কে কথাগুলো বলছিলেন রোহিঙ্গা নারী রশিদা বেগম (৩৯)। মিয়ানমারের সেনাদের অভিযানের মুখে গত মঙ্গলবার দিবাগত রাতে নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেন তাঁরা। তাঁদের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের আমতল্ল্যা গ্রামে। সাহারাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছেন রশিদা।
রশিদা বেগম বলেন, এর আগে ১৭ নভেম্বর সন্ধ্যায় আমতল্ল্যা গ্রামে সেনাবাহিনী অভিযান চালায়। তারা গ্রামটি ঘিরে চারদিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিতে অনেকে হতাহত হয়। একপর্যায়ে শতাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রশিদা বেগম আশ্রয় নিয়েছেন টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পে গিয়ে দেখা যায়, সাহারা ভাত খাচ্ছে। এ সময় তার চোখ দিয়ে পানি পড়ছিল।
রশিদা বলেন, ‘পালিয়ে আসার সময় মেয়েটির গায়ে শীতের জামাকাপড় ছিল না। তাকে শীত থেকে বাঁচাতে নিজের ছেলের হলুদ রঙের সোয়েটারটি পরিয়ে দিই। মঙ্গলবার রাতে নাফ নদী অতিক্রম করে টেকনাফে প্রবেশ করি।’
রশিদা বলেন, সাহারা প্যান্ট-শার্ট ও জুতা পরা কাউকে দেখলে ভয় পায়। কারণ, রাখাইন রাজ্যে সেনাদের বর্বরতা সে দেখেছে। প্যান্ট-শার্ট ও জুতা পরা কাউকে দেখলে হয়তো সেনাসদস্য মনে করছে সে।
রশিদা বলেন, গত বুধবার বিকেলে তাঁরা লেদা ক্যাম্পে এসেছেন। এক ব্যক্তি থাকার জন্য একটি জায়গা ঠিক করে দিয়েছেন। রাতে সেখানে আশ্রয় নেবেন। সঙ্গে যাবে সাহারাসহ আরও তিন নারী-শিশু। তিনি বলেন, ‘পুলিশ ও বিজিবি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজছে। অনেক রোহিঙ্গা নারী-শিশুকে আটক করা হয়েছে। আমরাও যেকোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। তাই ক্যাম্প ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছি।’
মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় রশিদার স্বামী ও এক ছেলে নিখোঁজ হয়। পরে তিনি আরেক ছেলে ও নূর সাহারাকে নিয়ে টেকনাফ পালিয়ে আসেন।