প্রতীক্ষিত স্বপ্নের রাত এসেছিল স্কুলশিক্ষিকা জোসনা বিশ্বাসের জীবনে। গত শুক্রবার সেই রাতটি তাঁর কেটেছে দুঃস্বপ্নের মতো। সঙ্গী ছিল বুকভরা কষ্ট আর কান্না। নববধূ জোসনার সঙ্গে কাঁদছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামও।
শুক্রবার রাতে ফুলহরি গ্রামের মৃত রঞ্জন বিশ্বাসের ছেলে স্কুলশিক্ষক তাপস বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় কালীগঞ্জ উপজেলার সাকো-মথনপুর গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে জোসনার। বিয়ে শেষে ওই রাতে ফেরার পথে কালীগঞ্জের বারোবাজারে রেলক্রসিংয়ে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১১ জন বরযাত্রী মারা যান। আহত হন কমপক্ষে ৪০ জন। এঁদের অধিকাংশ ফুলহরি গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার ফুলহরি গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রাম শোকে স্তব্ধ। নিহত ব্যক্তিদের কাউকে সমাধিস্থ, আবার কাউকে দাহ করা হয়েছে। পরিবারগুলোর সদস্যরা এখনো বাকরুদ্ধ। কান্নার শব্দ ভেসে আসছে এবাড়ি-সেবাড়ি থেকে।
গ্রামবাসী জানান, তাঁদের গ্রামের ৩০-৩২ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাঁদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ছয়জনকে। এঁদের বেশির ভাগই আর্থিকভাবে অসচ্ছল। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অনিতা বিশ্বাস জানান, গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে মিঠু সাহা, রিপন সাহা, রবি বিশ্বাস, নিমাই বিশ্বাস, হরিদাস বিশ্বাস ও মিঠুন বিশ্বাসকে ঢাকায় নেওয়া হয়েছে। এঁদের কারও দুই হাত, কারও দুই পা ভেঙে গেছে। মিঠু সাহার শরীরে দুই শতাধিক সেলাই দিতে হয়েছে।
অনিতা বিশ্বাস আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের গ্রামে এসেছেন। নিহত ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরে দেখেছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা ভালো না। জনপ্রতিনিধিরা আর্থিক সহযোগিতা করবেন বলে ঘোষণাও দিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর গতকাল সকালে রেলওয়ের কিছু কর্মচারী এসে দুর্ঘটনাস্থল বারোবাজারে রেল ক্রসিংয়ে কিছু সংস্কারকাজ করেছেন। তাঁরা বেঁকে যাওয়া গেট সোজা করার পাশাপাশি লাইনের ছোট ছোট সমস্যা সমাধান করেছেন। তবে রেললাইনের ওপর গড়ে ওঠা মাছের বাজারটি উচ্ছেদের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনার দিন দখলকারীরা ভয়ে যেটুকু সরিয়ে ফেলেছিলেন, সেটুকুই ফাঁকা হয়েছে। গতকালও রেললাইনের ওপর বসেছিল মাছের বাজার।
অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন জাহান। তিনি জানান, শুক্রবার থেকেই তাঁরা কাজ শুরু করেছেন। আশা করছেন তিন দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন।
রেলওয়ের গঠিত তদন্ত দলও তাদের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোতাব্বির হোসেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।