
‘তোর সাথে মনে হয় আর কথা হবে না। এটাই শেষ কথা।’ মুঠোফোনে স্ত্রী সোমা বেগমকে হাসতে হাসতে বলছিলেন মোহাম্মদ রহিম। হাসতে হাসতে বলা সেই কথা শোনাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোমা।
বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাতে জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২৬ জনের একজন মোহাম্মদ রহিম। স্বামীর খোঁজ পাওয়ার আশায় গতকাল শনিবার চট্টগ্রামে কর্ণফুলী নদীর এ কে খান ঘাটে এসেছিলেন তাঁর স্ত্রী সোমা। প্রায় তিন বছর আগে সোমার সঙ্গে ভোলার লালমোহন এলাকার মোহাম্মদ রহিমের বিয়ে হয়। তিন বছরের মাথায় প্রিয়জন নেই—এ কথা মানতে পারছেন না তিনি। সন্তানসম্ভবা সোমার সামনে এখন শুধুই অনিশ্চয়তা।
সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাহাজের ধাক্কায় ডুবে যায় চিংড়ি মাছ ধরার ট্রলার ‘এফভি বন্ধন’। এতে নিখোঁজ হন ২৬ জন নাবিক ও কর্মকর্তা। এ ছাড়া একজনের লাশ ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল শনিবার ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে নৌবাহিনী। তবে নিখোঁজ ব্যক্তিদের কাউকে আর উদ্ধার করা যায়নি।
নিখোঁজ কর্মকর্তা ও নাবিকদের স্বজনেরা গতকাল সকাল থেকে ভিড় করেন এ কে খান ঘাটে। ডুবে যাওয়া ট্রলারের হাল ধরেছিলেন স্কিপার (মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেন) মো. মুক্তাদীর বিল্ল্যাহ জসীম। বিয়ের ১৩ বছরের মাথায় ৫ নভেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন জসীম। মেয়ের নাম রেখেছিলেন ফাতিমা রোকাইয়া তাসনুভা। দীর্ঘদিন পর সন্তানের মুখ দেখে সাগরে যেতে মন চাইছিল না তাঁর। ট্রলারে যাওয়ার পর বারবার ফোন করেন স্বজনদের কাছে। খোঁজখবর নেন সবার। শেষ কথা হয় স্ত্রী মরিয়ম বেগম কোহিনুরের সঙ্গে।
ফোন করে স্ত্রীর কাছে খবর নিয়েছেন ২৪ দিন বয়সী তাসনুভার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জসীম ফোন করে কোহিনুরকে বলেন, ‘রাত ১২টার পর বিশ্রামে চলে যাব। হয়তো আর নেটওয়ার্কে থাকব না। নেটওয়ার্কের বাইরে চলে গেলে আর কথা হবে না।’ চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগরে নিজ বাসায় বসে শেষ কথার স্মৃতিচারণা করে কাঁদছিলেন কোহিনুর।
উদ্ধারকাজে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ ‘অদম্য’তে থাকা ‘সাইড স্ক্যানার সোনার’ যন্ত্রের মাধ্যমে গতকাল দুর্ঘটনাস্থলের কাছে প্রায় ৪০ মিটারের বেশি পানির নিচে ডুবে যাওয়ার ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। দুপুরের দিকে ডুবুরি নামিয়ে ট্রলারটির সঙ্গে রশি বেঁধে দেওয়া হয়। তবে ডুবে যাওয়া ট্রলারের ক্যাপ্টেনসহ নিখোঁজ কর্মকর্তা ও নাবিক মিলে ২৬ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নৌবাহিনী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া তিনটি জাহাজের পাশাপাশি গতকাল নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু, সাগর ও খাদেম অংশ নেয়। দুর্ঘটনাস্থলে যাচ্ছে বিএনএস সৈকতও।
ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রামের এ কে খান গ্রুপ ও জাপানের মারুহা নিচরো কোম্পানির যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের। দুর্ঘটনার পর এফভি শতাব্দী নামের কাঠের তৈরি একটি ট্রলার দুজনকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করে। এফভি যৌথ উদ্যম নামের আরেকটি ট্রলারে করে এই তিনজনকে গতকাল কর্ণফুলী নদীতে আনা হয়। এরপর ট্রলারের চতুর্থ কর্মকর্তা সজীব হোসেন ও নাবিক লাভলু হাওলাদারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত নাসির ফকিরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিন বলেন, জীবিত উদ্ধার দুজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যে জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবেছে, সেটির বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করা হবে।